মার্কিন এফ-১৬ ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, সব যুদ্ধবিমান নিরাপদ বলল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে এবং প্রতিটির অবস্থান সম্পর্কে তারা অবগত।
শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, শুক্রবার তাদের হামলায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিকে জরুরি অবতরণ করতে হয়েছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা। গতকাল যুক্তরাষ্ট্রের কোনো এফ-১৬ যুদ্ধবিমানে ইরান হামলাই করেনি।
ইরানের দাবি, জরুরি অবতরণ মার্কিন যুদ্ধবিমানের
এর আগে ইরানের সেনাবাহিনী দাবি করে, শুক্রবার সন্ধ্যায় হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে অভিযান বাতিল করে কাছের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেটি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও এ দাবি প্রকাশ করা হয়। ঘটনাটি প্রমাণের পক্ষে একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বলেছে, মধ্যপ্রাচ্যে তাদের সব যুদ্ধবিমান নিরাপদ রয়েছে। এর আগেও চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছিল ইরান। সেসব দাবিও নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
এদিকে ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ছে। দেশটির বিরুদ্ধে আবারও যৌথ সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে নতুন হামলার সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
ইরান দ্রুতগতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা পুনরুদ্ধার করছে এবং ভবিষ্যতের হামলা থেকে রক্ষা পেতে সামরিক ও পারমাণবিক অবকাঠামো ভূগর্ভে সরিয়ে নিচ্ছে বলে উদ্বিগ্ন ইসরায়েল। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযান চালাতে আগ্রহী দেশটি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার অনুমতি দেবেন কি না, কিংবা সম্ভাব্য অভিযানের ধরন কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ইরানে নতুন হামলার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ বন্ধের চেষ্টা করছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।
যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা
গত বুধবার ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তেল আবিবে ইসরায়েলি সামরিক সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে ইরানের তৎপরতা এবং সম্ভাব্য যৌথ সামরিক জবাব নিয়ে আলোচনা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের কয়েকটি সূত্রের ধারণা, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি পুনরুদ্ধারের আগেই নতুন করে হামলা চালানোর সুযোগ রয়েছে। তবে এ ধরনের অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং বৃহত্তর আঞ্চলিক জোটের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।
রাজনৈতিক সিদ্ধান্ত যা-ই হোক, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত আলোচনা ও গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রয়েছে। সম্ভাব্য হামলার অনুমতি পাওয়া গেলে দ্রুত অভিযান পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবেই এই সমন্বয় চলছে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট ও টাইমস অফ ইজরায়েল




