ইরানশাহর বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ১

ইরানশাহর বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর বিমানবন্দরের স্থাপনায় হামলায় নিহত হয়েছেন দায়িত্ব পালনরত এক অগ্নিনির্বাপণকর্মী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের উড্ডয়ন পরিচালনা ভবন ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের উপ-গভর্নর এবং ইরানশাহরের গভর্নর জানান, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরজুড়ে টানা চারটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর দেখা যায়, নিক্ষেপ করা গোলা বিমানবন্দরের উড্ডয়ন পরিচালনা ভবন ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। এতে দুটি স্থাপনাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তা জানান, বিস্ফোরণের পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে দায়িত্ব পালনরত অগ্নিনির্বাপণকর্মী খালেদ কাদেরি হামলায় নিহত হন।
প্রসঙ্গত, দক্ষিণ ইরানের একাধিক স্থানে দ্বিতীয় দিনের মতো নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড। সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের বিরুদ্ধে ইরানের কথিত আগ্রাসনের জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনাই এ অভিযানের উদ্দেশ্য বলে দাবি তাদের।
এর আগে হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে হামলার পর ইরানের নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে ইরানকে তেল বিক্রি করতে দেওয়া লাইসেন্সটিও বাতিল করে ওয়াশিংটন। অবশ্য যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলাও চালিয়েছে ইরান। বুধবার বাহারাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় চালানো হয়েছে এ হামলা।






