শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের আটেরপাড়া গ্রামে ঢুকতেই কানে ভেসে আসে হাতুড়ির টুংটাং শব্দ, করাতের ঘর্ষণ আর পেরেক ঠোকার ছন্দ। গ্রামের প্রায় প্রতিটি বাড়ির আঙিনাজুড়ে সারি সারি কাঠের গুঁড়ি, ফাড়াই করা তক্তা ও আধা-তৈরি নৌকা। এখানকার মানুষের কাছে নৌকা শুধু জীবিকার মাধ্যম নয়, এটি তাদের পরিচয়, সংস্কৃতি ও বংশপরম্পরায় বহন করে চলা এক অমূল্য ঐতিহ্য। এখানকার শতাধিক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছে। এ কারণেই এলাকাজুড়ে আটেরপাড়া পরিচিত হয়ে উঠেছে ‘নৌকাগ্...