ডেভিস কাপ টেনিস
শীর্ষ বাছাই বাহরাইনকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

সংগৃহীত ছবি
ডেভিস কাপ টেনিসে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ভিয়েতনামের ফান থিয়েতে চলমান ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ প্রতিযোগিতায় শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১ নম্বর বাছাই দলের বিপক্ষে এই জয় এবারের আসরে বাংলাদেশের প্রথম।
আজ বৃহস্পতিবার নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখান বাংলাদেশের খেলোয়াড়েরা। দিনের প্রথম একক ম্যাচে কাব্য গায়েন ০-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান বাহরাইনের আহমেদ আলসায়েদকে। প্রথম সেটে হেরে পিছিয়ে পড়লেও পরের দুই সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান কাব্য।
দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরারও জয় তুলে নেন। বাহরাইনের রুশিকেশ সোনাওয়ানেকে ৭-৬(১), ৬-৪ গেমে হারিয়ে সরাসরি সেটেই ম্যাচ জেতেন তিনি। তাতে দ্বৈত ম্যাচের আগেই বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।
দিনের শেষ দ্বৈত ম্যাচে অবশ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। জারিফ আবরার ও কাব্য গায়েন জুটি ৫-৭, ৬-৪, ৪-৬ গেমে হেরে যান বাহরাইনের হাশিম আলতুবলি ও রুশিকেশ সোনাওয়ানে জুটির কাছে। তবে তাতে বাংলাদেশের সামগ্রিক জয়ে কোনো প্রভাব পড়েনি।
ডেভিস কাপ নেশনস র্যাঙ্কিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮তম আর বাংলাদেশের ১৪৮তম। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটির বিপক্ষে এই জয় তাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আসরের প্রথম দিনে নেপালের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল বাংলাদেশ।
প্লেয়িং ক্যাপ্টেন মোফাজ্জল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ দলে রয়েছেন জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। দলের সঙ্গে আছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. শাফিন আহমেদ।
বাহরাইনের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ টেনিস ফেডারেশন খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছে। আসরের পরবর্তী ম্যাচগুলোতেও ভালো ফলের প্রত্যাশা করছে সংস্থাটি।



