টেন্ট পেগিং বিশ্বকাপ
চ্যাম্পিয়ন জর্ডান, রানার্সআপ কাতার

সংগৃহীত ছবি
জর্ডানের আকাবায় অনুষ্ঠিত আইটিপিএফ টেন্ট পেগিং পঞ্চম বিশ্বকাপ-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক জর্ডান। রানার্সআপ হয়েছে কাতার এবং তৃতীয় স্থান অর্জন করেছে সৌদি আরব। ১০টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে জর্ডান ৪৬৮.৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অর্জন করে। অন্যদিকে ৪৫৯.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় কাতার। সৌদি আরবের সংগ্রহ ৪৫৩ পয়েন্ট।
১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জর্ডান সামগ্রিকভাবে তিনটি স্বর্ণপদক জিতে শিরোপা নিশ্চিত করে। ব্যক্তিগত বিভাগে জর্ডানের আব্দুল ওয়াহাব আল জারাহ ১৩০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন। এ ছাড়া দলীয় ল্যান্স, ঝুলন্ত লক্ষ্যবস্তু ও রিলে ইভেন্টেও স্বর্ণপদক জেতে স্বাগতিকরা।
অন্যদিকে, একটি স্বর্ণ ও দুটি রৌপ্যসহ মোট তিনটি পদক জিতেছে কাতার। সামগ্রিক পয়েন্টের হিসাবে চ্যাম্পিয়ন জর্ডানের চেয়ে মাত্র ৯ পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয় দলটি। কাতারের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন ফয়সাল সাদ আল-হাজরি, ঘানেম হাদ্দাফ আল-কাহতানি, ইব্রাহিম জসিম আল-হাম্মাদি, নাসের হামাদ আল-হাজরি ও আবদুল্লাহ ফালেহ আল-হাজরি।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনের দলীয় ল্যান্স ইভেন্টে স্বর্ণ জেতে জর্ডান। কাতার রৌপ্য এবং সৌদি আরব ব্রোঞ্জ পদক অর্জন করে। সৌদি আরবের হয়ে পদকটি জেতেন মিথাল আল কাহতানি। শেষ দিনের দলীয় ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতে ভারত। শেষ রাউন্ড পর্যন্ত এগিয়ে থাকলেও চূড়ান্ত প্রচেষ্টায় তিনটি পেগ মিস করায় শিরোপার লড়াই থেকে পিছিয়ে পড়ে দলটি।
ব্যক্তিগত বিভাগেও উজ্জ্বল ছিল ভারত। দেশটির দিনেশ কার্লেকার তিন দিনের প্রতিযোগিতায় ১২৭.৫ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক জেতেন। মাত্র ০.৫ পয়েন্টের ব্যবধানে রৌপ্যপদক হাতছাড়া হয় তার।
গত ১৪ নভেম্বর রয়্যাল জর্ডানিয়ান ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের সভাপতি প্রিন্সেস আলিয়া বিনতে আল হুসেনের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক টেন্ট পেগিং ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বিন ইসা আল ফেয়ারুজসহ বিভিন্ন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেন্ট পেগিং একটি ঐতিহ্যবাহী অশ্বারোহী খেলা। দ্রুতগতিতে ঘোড়া ছুটিয়ে বল্লম বা তলোয়ার দিয়ে মাটিতে পোঁতা কাঠের খুঁটি তুলে আনাই এই খেলার মূল লক্ষ্য। পাশাপাশি ঝুলন্ত রিংয়ে বল্লম প্রবেশ করানো এবং তলোয়ার দিয়ে লেবু কাটার মতো ইভেন্টও রয়েছে। ২০১৩ সালের অক্টোবরে ওমানের মাস্কাটে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক টেন্ট পেগিং ফেডারেশন (আইটিপিএফ)। সংস্থাটির আয়োজনে ২০১৪ সালে ওমানে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের আসরটি ছিল প্রতিযোগিতাটির পঞ্চম আয়োজন।



