জুতার জন্য হারালেন এশিয়ান গেমসের সোনা

ছবি: রয়টার্স
এশিয়ান গেমসের নারী ট্র্যাক-ওয়াকিং বা দ্রুত হাঁটা প্রতিযোগিতায় (ম্যারাথন ডিস্টেন্স রিলে/ওয়াক) সোনা জিতেছিলেন কাজাখস্তানের ইয়াসমিনা তোক্সানবায়া। তবে জুতার জন্য সেই সোনা হারাতে হল তাকে!
বিশ্ব অ্যাথলেটিক্স অনুমোদিত নয় এমন জুতা পরে ট্র্যাক ও ফিল্ডে নেমেছিলেন ইয়াসমিনা তোক্সানবায়া। তাই ডিসকোয়ালিফাই (অযোগ্য) ঘোষিত হয়েছেন কাজাখস্তানের এই অ্যাথলেট। তার স্বর্ণপদকটিও বাতিল করা হয়েছে।
তোক্সানবায়া রবিবার নির্ধারিত দূরত্ব ৩ ঘণ্টা ২২ মিনিট ২০ সেকেন্ডে পার করে সোনা জিতেছিলেন। তার টাইমিং দ্বিতীয় স্থানে থাকা চীনের প্রতিযোগীর চেয়ে প্রায় চার মিনিট কম ছিল। তবে চীন প্রতিবাদ জানানোয় চূড়ান্ত ফলাফল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
সোমবার গেমসের এক কারিগরি কর্মকর্তা বলেন, ‘অ্যাথলেটদের অবশ্যই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্ল্যাটফর্মে অনুমোদিত ও তালিকাভুক্ত জুতা পরে অংশ নিতে হয়। ইয়াসমিনা তোক্সানবায়া অনুমোদিত জুতা পরেননি, তাই আমরা বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থাকে বিষয়টি জানিয়ে চিঠি পাঠাই।’
তিনি আরও বলেন, ‘তার পদক বাতিলের সিদ্ধান্তটি তাদেরই নেওয়া, যা আমরা পরে খেলোয়াড়কে জানিয়ে দিয়েছি। তবে জুরি বোর্ডের কাছে আপিল করার সুযোগ তার রয়েছে এবং তিনি আপিলও করেছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তোক্সানবায়া পদক বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। আমার যেসব সুপার হিরো শেষ পর্যন্ত আমার সঙ্গে লড়ে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
তোক্সানবায়ার পদক বাতিলের পর চীনের দানজেংকুজোং পান স্বর্ণপদক । অন্যদিকে তারই সতীর্থ মা লি রৌপ্য এবং জাপানের ইউকিকো উমেনো পেয়েছেন ব্রোঞ্জ।




