ফেরাটা স্মরণীয় হল না সেরেনা-ভেনাসের

ছবি: রয়টার্স
দুই বোনের বয়সের যোগফল নব্বই বছর। ক্যারিয়ারের সেরা সময়ের মতো ক্ষিপ্রতা নেই, তবে উইলিয়ামস বোনেরা ক্ষণিকের জন্য হলেও সময়কে টেনে নিয়ে গিয়েছিলেন পেছনে। ইউএস ওপেনের ডাবলসে অবসর ভেঙে আবারও জুটি গড়েছিলেন তারা। ফেরার ম্যাচে উপহার দিলেন কিছু জাদুকরী মুহূর্তও। তবে জয়ের একদম কাছাকাছি গিয়ে শেষ রক্ষা হয়নি। নারী ডাবলসে প্রায় ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মায়া জয়েন্ট ও তাইওয়ানের চ্যান হাও-চিং জুটির কাছে ৬-৩, ৬-৭, ৭-৬ গেমে হেরে যান দুই বোন। ফেরাটা তাই স্মরণীয় হল না তাদের।
প্রশ্ন হচ্ছে এটি কি সেরেনার বড় মেয়ের উৎসাহে অনুপ্রাণিত হয়ে খেলা শুধু একটি ম্যাচ , নাকি তারা ২০২৮ সালের অলিম্পিককে পাখির চোখ করছেন? উত্তর জানা যায়নি। কারণ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেননি দুই বোনের কেউ। গ্র্যান্ড স্লামের নিয়ম অনুযায়ী সংবাদ সম্মেলন এড়িয়ে যাওয়ায় তাদের জরিমানা হতে পারে ৫০ হাজার ডলার পর্যন্ত।
সেরেনা কথা বলতে না চাইলেও ২০২৭ সালে আবার খেলতে চাইলে নিজের সার্ভিসে নিশ্চয়ই উন্নতি করতে চাইবেন। কারণ ২৩টি একক গ্র্যান্ড স্লাম জেতা সেরেনা ফেরার ম্যাচে সার্ভিসে ছিলেন বিবর্ণ। দুই বোন মিলে ১০টি ডাবল ফল্ট করেছেন, যা গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান।
উইলিয়ামস বোনদের এটিই যদি শেষ ম্যাচ হয়ে থাকে, তাহলে বলতে হবে সর্বোচ্চটা দিয়েই লড়াই করেছেন দুজন। সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি ধারাভাষ্যে বলছিলেন, ‘কী অসাধারণ এক পরিবেশ। এই ম্যাচের অংশ হতে পারাটাও দারুণ আনন্দের। আমরা জানি না ভেনাস ও সেরেনাকে আর কতদিন খেলতে দেখব, তবে এই রাতটি অবিশ্বাস্য উপহার ছিল। স্টেডিয়ামে আসা নিউইয়র্কবাসীর হৃদয়ে তারা বিজয়ী হয়েই থাকবেন।’
ওজন কমিয়ে সেরেনা এখন অনেকটাই ছিপছিপে। ফ্যাট-স্লিমিং ইনজেকশন ‘রো’ ব্যবহার করে গত ২০ মাসে প্রায় ৩১ পাউন্ড ওজন কমিয়েছেন তিনি। ইএসপিএন২-তে ম্যাচ চলার সময় বিতর্কিত ওই কোম্পানির একটি বিজ্ঞাপনও প্রচার করা হয়। চার বছর পর সেরেনার ফেরার পেছনে বড় ভূমিকাও ছিল এই স্পন্সরশিপের।





