খুলনা ও বরিশালে ডিসেম্বরে নতুন টুর্নামেন্ট

সংগৃহীত ছবি
বিসিবির টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টির নতুন নাম জানতে আর কিছুদিন অপেক্ষা। তার আগেই অবশ্য প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। এর অংশ হিসেবে ঠিকঠাক করা হচ্ছে খুলনা ও বরিশাল স্টেডিয়াম। আগামী ডিসেম্বরে এ দুই মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ হবে।
নতুন টুর্নামেন্টের জন্য সব মিলিয়ে চারটি স্টেডিয়ামকে প্রস্তুত রাখা হচ্ছে। টি-টোয়েন্টির জন্য খুলনা ও বরিশাল এবং বিসিএল ওয়ানডে ফরম্যাটের জন্য বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহী জেলা ক্রিকেট স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে।
এই চার স্টেডিয়ামের প্রস্তুতির ব্যাপার বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম বলেছেন, ‘চারটি স্টেডিয়ামের যতটুকু ফ্যাসিলিটিজ তৈরি না করলেই নয়, সেসব প্রস্তুত করা হচ্ছে। ডিসেম্বরে তো টুর্নামেন্ট, আশা করি তিন মাসের মধ্যে মাঠগুলো প্রস্তুত হয়ে যাবে। বরিশাল ও খুলনা টি-টোয়েন্টির জন্য এবং রাজশাহী ও বগুড়াকে ওয়ানডে টুর্নামেন্টের জন্য ব্যবহার করা হবে।’
এর মধ্যে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম একেবারে নতুন। দীর্ঘদিন ধরেই এ বিভাগে একটি স্টেডিয়ামের দাবি ছিল সমর্থকদের। গত কয়েক বছরে বরিশাল স্টেডিয়ামের কার্যক্রম শুরু করেছিল বিসিবি। ৬৫ কোটি টাকা ব্যয়ে এ মাঠ প্রস্তুত করার পর এবার একজন কিউরেটরও নিয়োগ দেওয়া হচ্ছে। মিরপুর স্টেডিয়ামে কাজ করা বদিউল আলম খোকনকে দায়িত্ব দেওয়া হয়েছে এ মাঠের পিচ কিউরেটর হিসেবে। একই সঙ্গে খুলনা স্টেডিয়ামের পিচ প্রস্তুত করারও তার দায়িত্বে।
এ ব্যাপারে শাহনিয়ান বলেছেন, ‘বরিশালে নতুন স্টেডিয়াম। ওটার জন্য আমাদের অভিজ্ঞ একজন কিউরেটর প্রয়োজন ছিল। খোকন ভাই বেশ অভিজ্ঞ। আমরা চাচ্ছি একেক ভেন্যুতে একেকজন কিউরেটর থাকুন। তাই তাকে দায়িত্ব দেওয়া। আর উনি খুলনাতেও কাজ করবেন। বরিশাল ও খুলনার দূরত্ব কম। স্থান কাছাকাছি হওয়ায় তার যাতায়াতের দূরত্বও কমে যাবে।’





