৪২৯ রান তাড়া করে জিতল শ্রীলঙ্কা

সংগৃহীত ছবি
ইতিহাস গড়ল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের ৪২৯ রান তাড়া করে নতুন কীর্তি লঙ্কানদের। রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজে ইংলিশদের হারিয়েছে ২ উইকেটে।
ওয়ানডেতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার দ্বিতীয় তালিকায় নাম উঠল শ্রীলঙ্কার। এ তালিকায় প্রথম নামটি অস্ট্রেলিয়ার। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার ৪৩৪ রান তাড়া করে জিতেছিল অজিরা। বৃথা গেল হ্যারি ব্রুকের ডাবল সেঞ্চুরি। অধিনায়কের ১১৬ বলে ২১ চার ও ১০ ছক্কায় ২০২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৪ উইকেটে ৪২৯ করেছিল ইংলিশরা। কঠিন এই লক্ষ্য ১ বল আগে ৮ উইকেট হারিয়ে টপকে যায় শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের রান পাহাড় ডিঙাতে সেঞ্চুরি করেছেন পাভান রত্নায়েকে। ১০৬ বলে ১৫ চার ও ৩ ছক্কায় তিনি করেন ১৩০ রান। ওপেনার অভিষ্কা ফার্নান্দো ও দাসুন শানাকা একটুর জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবে তাদের দুজনেরই করা ৯৭ রানের ইনিংস রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর জানিথ লিয়ানাগের ২৭ বলে অপরাজিত ৬১ রানে অসম্ভবকে সম্ভব করে শ্রীলঙ্কা। শেষ ২ বলে ৬ রান দরকার ছিল তাদের। ৫০তম ওভারের পঞ্চম বলে ছক্কা হারিয়ে জয় নিশ্চিত করেন লিয়ানাগে। ত্রিদেশীয় সিরিজে এটি শ্রীলঙ্কার প্রথম জয়।



