বাংলাদেশকে হারিয়ে
অক্ষয় কুমারের মতো নাচা হলো না শ্রীলঙ্কা কোচের

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে শ্রীলঙ্কার কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি বলেছিলেন, ম্যাচ জিতে বলিউড তারকা অক্ষয় কুমারের মতো নাচবেন। কিন্তু বাস্তবে হামজা-ফারহানদের সামনে তার দল গোল খেয়েছে এক হালি। বরং পরাজয়ের পর ক্ষোভ ঝারলেন সংবাদ সম্মেলনে এসে।
আন্তর্জাতিক ক্রিকেটে সেই ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মাঝে দ্বৈরথ চলছে। দুই দলের খেলা হলেই দেখা যায় ‘নাগিন নাচ’। খেলোয়াড়-কর্মকর্তা থেকে শুরু করে দর্শকরা পর্যন্ত নাগিন নাচেন। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মুতাইরিকে জিজ্ঞেস করা হয়েছিল, বাংলাদেশকে হারিয়ে নাগিন নাচবেন কিনা। জবাবে আল মুতাইরি বলেছিলেন, ক্রিকেটের এই শরীরী ভাষাকে ফুটবলে টেনে আনতে তিনি নারাজ। তাছাড়া তিনি ম্যাচ জিতে প্রতিপক্ষকে অসম্মান করে কিছু উদযাপন করতে চান না। রসিকতা করে আল মুতাইরি বলেছিলেন, ‘আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়। ফুটবলের কাজ ভালোবাসা ছড়ানো। তবে একটা কথা বলে রাখি—কাল যদি আমরা জিতে যাই, আমি কিন্তু অক্ষয় কুমারের মতো নাচতে পারি। সুতরাং সাবধান থাকবেন!’
গতকাল ম্যাচ হারের পর সেই আল মুতাইরিকেই দেখা গেল অন্য রূপে। রেগেমেগে সংবাদ সম্মেলনে এসে প্রথমে ক্ষোভ ঝাড়লেন আয়োজকদের ওপর, ‘আমাকে সাফ থেকে গতকাল মধ্যরাতে মুঠো ফোনে বার্তা পাঠানো হয়। সাফের রেফারিং নিয়ে এবং সাফের বিরুদ্ধে কথা বলায় আমার ৬ মাসের বেশি নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলারের মতো জরিমানা হতে পারে। আমার প্রশ্ন এই বার্তা আমাকে টুর্নামেন্ট রেফারি সরাসরি বলতে পারতেন। ম্যাচের পর বলতে পারতেন…মধ্য রাতে কেন! মধ্য রাতে তো আমার স্ত্রীও আমার সঙ্গে কথা বলে না!’ সবশেষে কোচ জানিয়ে দিলেন সাফ অঞ্চলে তার আর কোচিং করার ইচ্ছা নেই। এটাই তার শেষ সাফ টুর্নামেন্ট। এছাড়া ক্ষোভ ঝেড়ে আরও বলেছেন, ‘আমার মন স্বচ্ছ্ব। আমি কোনো ভুল করিনি। সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তখন সব কিছু পরিষ্কার হবে। আমি সাফ কর্তকর্তাদের বিরুদ্ধে সব কথা ফেইসবুকে প্রকাশ করবো। সাফ আরবদের পছন্দ করে না, এজন্যই এমনটা করেছে।’





