ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি

ছবি: আগামীর সময়
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৫৩ মিনিটে করা ফারহান আলি ওয়াহিদের করা গোলের রেশ কাটছে না টমাস ডুলির। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ফারহানের করা গোলটা দেখে ডুলি বলেছেন, ' যেভাবে সে ওই তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল তা সত্যিই অসাধারণ ছিল, আর তারপর শট নেওয়াটাও খুব কঠিন ছিল এবং সেটা দারুণ হয়েছে। সবকিছু মিলিয়ে এটা দারুণ একটা গোল। যদি হামজার ব্যাকহিল পাসটি গোলে ঢুকে যেত, তাহলে কি দারুণ একটা গোল হত! রাকিবও একটা দারুণ গোল করেছে। তাই প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত খেলোয়াড়দের ভূমিকায় আমি সত্যিই খুব খুশি ও গর্বিত।'
আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ডিফেন্ডারকে স্ট্রাইকার হিসেবে খেলিয়ে দেয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে কি গোল করার মানুষ খুঁজে পেলেন ডুলি?
জবাবে বাংলাদেশের কোচ বললেন, ' যদি আমাদেরও অন্য কয়েকটা দলের মতো একজন ৯ নম্বর খেলোয়াড় থাকত—একজন লম্বা খেলোয়াড় যে প্রতিপক্ষের বাধা পাবার পরেও বিপদজনক জায়গায় ঢুকে যায়—তাহলে নিশ্চিতভাবেই বিষয়টা অনেক সহজ হতো। তবে আমি মনে করি, হামজা ১০ নম্বর ( মিডফিল্ডার) হিসেবে খেলায় সে আমাদের বক্সের ভেতরে আরও বিপজ্জনক হতে অনেক সাহায্য করতে পারে।'
বিস্তারিত ব্যখ্যায় ডুলি বলেছেন,' একজন ডিফেন্ডার হিসেবে, যখন তার গতির মতো একজন খেলোয়াড় সামনে থাকবে... আমি প্রতিপক্ষ দলের কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, ওদের জার্মানি থেকে আসা তিনজন খেলোয়াড় ছিল, তো ম্যাচের পর ওরাও আমার সাথে কথা বলছিল এবং ওরা খুব মুগ্ধ হয়েছিল। ওরা বলছিল ওকে নিয়ে ওদের কতটা সতর্ক থাকতে হয়েছিল, যে গতি ওর রয়েছে এবং যে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সে প্রেসিং করে। এটা সত্যিই অসাধারণ এবং তা অবশ্যই আমাদের সাহায্য করে যদি আমরা সামনে বল কাড়তে পারি।'
ডুলি আরো যোগ করে বলেন, 'তখন অন্য খেলোয়াড়রা একা থাকে না, তাদের সাথে একজন নেতা থাকে। তা না হলে নেতা থাকে পেছনে এবং তাকে সারা মাঠ দৌড়াতে হয় ও সে ক্লান্ত হয়ে পড়ে। তাই সেই দিক থেকে আমি মনে করি এই মুহূর্তে তাকে ওই পজিশনে পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর জানেনই তো, আমি মনে করি যে পরের কয়েকটি ম্যাচে আশা করি আমরা আরও কিছু সুযোগ তৈরি করব এবং গোল করব। তবে আমাদের ম্যাচটা জিততে হবে। এটা যদি এক-শূন্যও হয়, তাতে কিছু যায় আসে না।'



