টানা ৯ জয়ে জার্মানির হুংকার

সংগৃহীত ছবি
২০১৪ বিশ্বকাপের নাটকীয় ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থ শিরোপা জিতেছিল জার্মানি। পরের দুই বিশ্বকাপে অবশ্য ব্যর্থ ইউরোপের এই পরাশক্তি। এবার বিশ্বকাপের আগে টানা ৯ জয়ে দারুণ কিছু করার আভাস দিচ্ছে জার্মানরা। মূল টুর্নামেন্ট শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়োজক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে ইউলিয়ান নাগলসমানের দল।
বাছাই পর্ব ও প্রীতি ম্যাচ মিলিয়ে টানা ৮ জয়ে উড়ছিল জার্মানরা। শিকাগোর সোলজার ফিল্ডে প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরুতেই লিড নেয় জার্মানি। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় ইয়োশুয়া কিমিচর নেওয়া চমৎকার ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান ফরোয়ার্ড কাই হাভার্টজ। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরে যুক্তরাষ্ট্র। কর্নার থেকে ক্লিয়ার হওয়া বল ডি-বক্সের বাইরে পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে এক চোখধাঁধানো ভলিতে জার্মান গোলকিপারকে পরাস্ত করেন অ্যান্তোনি রবিনসন। ১-১-এর সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর আবারও লিড ফিরে পায় জার্মানি। ম্যাচের ৫৭তম মিনিটে আসে কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি। বক্সের ভেতর কাই হাভার্টজের নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন উইঙ্গার লেরয় সানে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। বিশ্বকাপের আগে টানা ৯ জয়ের ম্যাচে জার্মানি প্রতিপক্ষের জালে করেছে ২৯টি গোল, বিপরীতে হজম করেছে মাত্র ৬টি। ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির।
এদিকে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে তারা। ফ্লোরিডার রেয়মন্ড জেমস স্টেডিয়ামে হ্যারি কেইনের একমাত্র গোলে কষ্টার্জিত জয় পায় ইংলিশরা। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। জাতীয় দলের হয়ে নিজের ৭৯তম গোলের দেখা পেলেন এই তারকা স্ট্রাইকার। অন্য প্রীতি ম্যাচে তিউনিসিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ড। এল সালভাদোরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতার। বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড। ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে তুরস্ক।




