ফিফার টাকায় ইনফান্তিনোর কর পরিশোধ, নতুন বিতর্ক

সংগৃহীত ছবি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসের সময় তার ব্যক্তিগত করের বড় একটি অংশ পরিশোধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের জন্য এই করের পরিমাণ প্রায় ৪০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও ফ্রান্সের লে মঁদ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে মায়ামিতে বসবাস করছিলেন ইনফান্তিনো। সে সময় যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়া ফিফার কর্মীদের আর্থিক সুবিধা-অসুবিধার ভারসাম্য রাখতে ‘ট্যাক্স ইকুয়ালাইজেশন’ ব্যবস্থা চালু করে সংস্থাটি। তবে এই সুবিধা শুধু কর্মীদের জন্য নির্ধারিত ছিল, নির্বাচিত কর্মকর্তা হিসেবে ইনফান্তিনোর জন্য নয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ফিফার শীর্ষ কর্মকর্তাদের বেতন নির্ধারণের দায়িত্বে থাকা একটি ছোট কমিটি ইনফান্তিনোকে এই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ফিফার আনুষ্ঠানিক নথিতে সেই সিদ্ধান্তের কোনো উল্লেখ পাওয়া যায়নি। ফলে সিদ্ধান্তটির বৈধতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
বিতর্কে উঠে এসেছে ফিফার স্বাধীন গভর্ন্যান্স, অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান ব্রুনো চিয়োমেন্তোর নামও। সুইস এই আইনজীবী বিষয়টি উত্থাপন ও আলোচনায় ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দুটি। ইনফান্তিনোর সঙ্গে তার প্রায় ২০ বছরের বন্ধুত্ব রয়েছে।
চিয়োমেন্তোর বিরুদ্ধেও বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছে। ফিফার অন্য কমিটির চেয়ারম্যানদের মধ্যে একমাত্র তিনিই বিশ্বকাপের জন্য ভিআইপি পাস পেয়েছেন। এ ছাড়া অন্য চেয়ারম্যানদের বার্ষিক পারিশ্রমিক দেওয়া হয় মার্কিন ডলারে। কিন্তু চিয়োমেন্তো পান ২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ। মুদ্রার বিনিময় হারের পার্থক্যের কারণে এতে তিনি বাড়তি সুবিধা পাচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে গত জুলাইয়ে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে ইউরোপের বিভিন্ন পক্ষের বিরোধিতা এবং বয়কটের হুমকিতে সেই উদ্যোগ বাধার মুখে পড়ে। এর মধ্যেই নতুন এই বিতর্কে পড়লেন ফিফা সভাপতি।
আগামী ১৮ মার্চ কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা সভাপতির চতুর্থ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এখন পর্যন্ত ইনফান্তিনোই একমাত্র ঘোষিত প্রার্থী।



