জয় দিয়ে অভিষেক রাঙালেন ভোজিনহা

২০২৬ ফিফা বিশ্বকাপের আলোড়ন সৃষ্টিকারী গোলরক্ষক ভোজিনহা আগেই নাম লিখিয়েছিলেন চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে। গতকাল বুধবার ক্লাবের জার্সিতে তার অভিষেক হয়ে গেল। অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক জয় দিয়ে নিজের নতুন অধ্যায় শুরু করলেন কেপ ভার্দের এই অভিজ্ঞ তারকা।
চিলিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউনিয়ন এস্পানিওলার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে কোলো-কোলো। পুরো ৯০ মিনিট গোলপোস্ট আগলে রেখেছিলেন ভোজিনহা। মাঠে শুরু থেকেই প্রতিপক্ষ ইউনিয়নের ওপর আধিপত্য বজায় রেখেছিল কোলো-কোলো। ফলে পুরো ম্যাচে খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি কেপ ভার্দের এই গোলরক্ষককে। ম্যাচের একদম শেষ মুহূর্তে নিজের দক্ষতার প্রমাণ দেন ভোজিনহা। ইউনিয়ন এস্পানিওলার খেলোয়াড় অর্টিজ ডি বক্সের ভেতর ঢুকে জোরালো শট নিলেও দারুণ দক্ষতায় সেটি প্রতিহত করেন। তার সেই গুরুত্বপূর্ণ সেভটিই দলকে ক্লিন শিট বজায় রাখতে সাহায্য করে। এই জয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল হিসেবে চিলিয়ান কাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে কোলো-কোলো।
অভিষেক ম্যাচটি দারুণভাবে রাঙানোর পর এবার পরের ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি। আগামী রবিবার ব্রাজিলিয়ান সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কোপা সাউথ আমেরিকার ম্যাচে আউডাক্স ইতালিয়ানোর মুখোমুখি হবে ভোজিনহার কোলো-কোলো। বিশ্বকাপের মঞ্চ মাতিয়ে এখন ক্লাব ফুটবলে নতুন এই চ্যালেঞ্জ কতদূর নিয়ে যেতে পারেন এই আফ্রিকান গোলরক্ষক, সেটাই এখন দেখার বিষয়।







