জার্সি লুকানো নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে
উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতার অভিবাসন সংকটের সমর্থনে আয়োজিত প্রচারাভিযানের জার্সি আংশিক লুকিয়ে ফেলায় সমালোচনার মুখে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এই বিষয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের এ ফরাসি ফরোয়ার্ড। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না করে সব ধরনের কষ্টের প্রতি সমবেদনা জানাতেই তিনি এমনটি করেছিলেন।
গত মঙ্গলবার লা লিগায় এলচের বিপক্ষে ৩-২ গোলের জয়ের আগে সেউতার বাসিন্দাদের সমর্থনে ‘আমরা সবাই সেউতার’ লেখা বিশেষ জার্সি পরে মাঠে নামার কথা ছিল দুই দলের খেলোয়াড়দের। তবে রিয়ালের হয়ে ভিনিসিউস জুনিয়র, ইব্রাহিমা কোনাতে এবং এমবাপ্পে জার্সিটি বুক পর্যন্ত গুটিয়ে রেখেছিলেন, যার ফলে মূল বার্তাটি ঢাকা পড়ে যায়। স্প্যানিশ সংবাদমাধ্যমে এই ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয়।
বুধবার দৈনিক ‘দিয়ারিও আস’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেন এমবাপ্পে, ‘আমি বিষয়টি পরিষ্কার করে বলতে চাই, যাতে মানুষ বুঝতে পারে। জার্সি পরার সিদ্ধান্তটি ছিল ক্লাবের, আর আমাদের খেলোয়াড়দের তা পরতে হয়েছিল। সবার আগে আমি বলতে চাই যে, আমি সেউতা এবং সমস্ত ভুক্তভোগীর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। কারণ খেলোয়াড় হওয়ার আগে আমি একজন মানুষ।’ জার্সি ঢাকার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘এমন সব অভিবাসী, যারা প্রাণ হারিয়েছেন এবং যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাদের প্রতিও আমি সমর্থন ও স্বীকৃতি জানাতে চেয়েছিলাম। এটি একটি কঠিন পরিস্থিতি ছিল। কারণ মানুষ হয়তো ভাবতে পারে যে আমি সেউতার বিরুদ্ধে। কিন্তু না, একদমই নয়। তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই এবং আমি মনে-প্রাণে তাদের সমর্থন করি। তবে আমি এমন প্রতিটি মানুষকে স্বীকৃতি দিতে চেয়েছিলাম যারা কষ্ট ভোগ করছেন।’ সবার সমান কষ্টের কথা তুলে ধরে ফরাসি তারকা বলেছেন, ‘পরিশেষে আমি একজন মানুষ এবং আমি এক ধরনের কষ্টকে অন্যটির চেয়ে প্রাধান্য দিতে চাই না। বিশ্বে এমন মানুষ রয়েছে যারা কষ্ট পাচ্ছে এবং তা দেখে আমার মনে ভীষণ কষ্ট হয়। আমি এমন একজন মানুষ, যিনি আমাদের বিশ্বের জন্য ভালো কিছু চাই। আমি ইতিবাচকতা এবং শান্তির বার্তা পাঠাতে চাই, এবং আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে।’
এমবাপ্পের মা আলজেরীয় বংশোদ্ভূত এবং তার বাবা ক্যামেরুন থেকে ফ্রান্সে অভিবাসী হিসেবে এসেছিলেন, যেখানে প্যারিসে এই স্ট্রাইকারের জন্ম হয়। এর আগে গত সোমবার রিয়াল বেতিসের মরক্কান ফরোয়ার্ড আবদে এজ্জালজৌলিও ভিলিয়ারোলের বিপক্ষে ম্যাচের আগে একই জার্সি পরার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। সে সময় তিনি সামাজিক মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছিলেন যে, এই জার্সি পরার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা মরক্কান জনগণের প্রতি অসম্মান প্রদর্শনের কোনো ইন্ধন ছিল না।






