বিশ্বকাপ
‘আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর সামর্থ্য এখনো আছে মেসির’

সংগৃহীত ছবি
বয়স তার ৩৮। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা লিওনেল মেসি খেলতে নামছেন নিজের শেষ বিশ্বকাপ। চার বছর আগে যে কারিশমা দেখিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, এবারও কি তেমনটা দেখা যাবে? সাবেক সতীর্থ পাবলো জাবালেতা জানালেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর সামর্থ্য এখনো আছে মেসির।
দা ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবালেতা জানিয়েছেন, বয়স বাড়লেও এখনো দলকে সাফল্য এনে দেওয়ার সামর্থ্য রাখেন মেসি, ‘দল যদি বল ছাড়া অবস্থায় নিজেদের শক্তি সঞ্চয় করতে পারে এবং বল ফিরে পাওয়ার পর মেসিকে ভালো জায়গায় খুঁজে নিতে পারে, তাহলে বাকিটা এখনও সে করতে সক্ষম। ম্যাচ জেতানো কিংবা গোল করার সেই গুণ এখনও তার আছে। আর দিন শেষে বিশ্বকাপে আপনার যা প্রয়োজন, তা হলো ম্যাচ জেতা।”
জাবালেতা আরও বলেন, ‘বাস্তবতা হলো আমাদের এই সময়টা উপভোগ করা উচিত, কারণ এটি মেসির শেষ বিশ্বকাপও হতে পারে। আশা করি, ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সেই জাদুকরী মুহূর্তগুলো এখনও তার মধ্যে আছে। আর সে যদি বিশ্বকাপ জিততে পারে? কেন নয়?’
ইন্টার মায়ামির হয়ে এই মৌসুমে দারুণ ফর্মে ছিলেন মেসি। জাবালেতার বিশ্বাস, সেই ফর্ম বিশ্বকাপেও ধরে রাখবেন আর্জেন্টাইন অধিনায়ক, ‘আজকাল ইন্টার মায়ামির ম্যাচগুলো দেখলে মনে হয়, মেসির চারপাশে থাকা খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের বর্তমান চিত্রের বেশ মিল আছে। মেসিকে ঘিরে এমন কিছু খেলোয়াড় আছে যারা মেসির জন্য নিজেদের সর্বোচ্চটা দিতে চায়। তারা মেসির জন্য যতটা সম্ভব দৌড়ায়, পরিশ্রম করে। আর মেসি সেই ব্যক্তি, যিনি জাদুকরী মুহূর্ত সৃষ্টি করেন কিংবা সৃজনশীলতার মাধ্যমে দলকে এগিয়ে নেন। আপনি যদি বক্সের বাইরে আক্রমণভাগে মেসিকে বল পেতে দেন, তাহলে সে এখনও যথেষ্ট ভালো। দুই-তিনজনকে কাটিয়ে উঠে বল জালে পাঠাতে পারেন। পাঁচ বছর আগের মেসিকে অবশ্য আমরা আর দেখছি না। যে মাঝমাঠে নেমে বল নিয়ে অর্ধরেখা থেকে একাই দৌড়ে প্রতিপক্ষকে ভেঙে ফেলতে পারত।‘
ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার রেকর্ডের হাতছানি লিওনেল স্কালোনির দলের সামনে। জাবালেতা ভরসা রাখছেন এই দলের ওপরেই, ‘বিশ্বকাপ জয়ের মতো সাফল্য এবং টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পরও আপনি দেখতে পাচ্ছেন, খেলোয়াড়দের মধ্যে এখনও ক্ষুধা ও প্রতিযোগিতার মানসিকতা রয়েছে। তারা জাতীয় দলের হয়ে আরও ভালো করতে চায়। এখন নতুন একটি প্রজন্ম উঠে আসছে। কিন্তু দলকে নেতৃত্ব দিচ্ছে মেসি, ওতামেন্দি, ডি পল, পারেদেসদের মতো অভিজ্ঞরা। তাই আমি আর্জেন্টিনার বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী।‘




