রাফায়েল নাদাল
স্কালোনি আমার বন্ধু, ওর কাছে হারলেও আপত্তি নেই

টেনিস কোর্টের রাজা রাফায়েল নাদাল ব্যক্তিগত জীবনে কট্টর ফুটবলপ্রেমী। আজ মেটলাইফ স্টেডিয়ামে যখন আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালের মহারণ শুরু হবে, তখন নাদাল থাকবেন তার পরিবারের সঙ্গে টিভির সামনে। নিজের দেশ স্পেনের জয়ের ব্যাপারে তিনি যেমন আত্মবিশ্বাসী, তেমনি আর্জেন্টিনার প্রতি তার শ্রদ্ধাও আছে। লিওনেল মেসিদের কাছে হেরে গেলেও তার আফসোস থাকবে না।
স্প্যানিশ রেডিও ‘কোঁপে’-এর সঙ্গে আলাপচারিতায় ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল বলেছেন, ‘আমি নিশ্চিত আমরাই জিতব। তবে যদি হেরেও যাই, তবে আর্জেন্টিনার মতো দলের কাছে হারাটা খুব একটা অপমানের হবে না। প্রথম দিন থেকে আজ পর্যন্ত স্পেনের উন্নতির ধারা ছিল অবিশ্বাস্য। তারা তাদের সেরা ছন্দে ফাইনাল খেলতে নামছে। আমরা আমাদের শক্তিমত্তার ওপর আস্থা রেখেছি, এখন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই হলো।’
ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে নিয়ে নাদালের কণ্ঠে সম্মান ঝরেছে। বিশেষ করে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘লিওনেল স্কালোনির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। মানুষ হিসেবে তিনি অসাধারণ। জাতীয় দলকে তিনি যে পর্যায়ে নিয়ে গেছেন, তা সত্যিই অভাবনীয়। অবশ্যই আমি আমার দেশের জন্য গলা ফাটাব। কিন্তু যদি শেষ পর্যন্ত শিরোপা না পাই, তবে সেই কষ্ট আর্জেন্টিনার কাছে হারলে অনেক কমে যাবে। কারণ, আর্জেন্টিনায় আমার অনেক বন্ধু রয়েছে এবং তাদের কোচ ও খেলোয়াড়দের আমি খুব শ্রদ্ধা করি।’
মেসির দলকে নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন এই স্প্যানিশ তারকা। নাদাল মনে করেন, বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে স্নায়ুচাপ বড় ভূমিকা পালন করে। তার কথায়, ‘আর্জেন্টিনার অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ফাইনাল মানেই স্নায়ুর লড়াই, ছোট ছোট ভুল বা কারিশমাতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে।’





