বিক্ষোভের মধ্যে বিশ্বকাপের উদ্বোধন

ফিফা বিশ্বকাপের উদ্বোধনের আগেই বিক্ষোভ ও আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। বিশ্বকাপ কেন্দ্র করে নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছে, তাতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় দেখা দিয়েছে যানজট ও জনভোগান্তি।
বিক্ষোভকারীদের বড় একটি অংশ জাতীয় শিক্ষা শ্রমিক সমন্বয় কমিটির (সিএনটিই) সদস্য। তারা মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্রের বিভিন্ন সড়কে তাঁবু স্থাপন করে দিনরাত অবস্থান করছেন এবং এলাকা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। ‘সমাধান না হলে বল গড়াবে না’— এই স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিএনটিই। তাদের দাবি পূরণ না হলে বিশ্বকাপ সময় জুড়েই বিক্ষোভ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কয়েকটি শ্রমিক সংগঠন।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিনও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। কয়েকটি সংগঠন স্টেডিয়ামের দিকে যাওয়া বিভিন্ন সড়কে মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করতে পারে। তাই দর্শকদের নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন বেতন বৃদ্ধি, শিক্ষা নীতির সংস্কার, পেনশন সুবিধার উন্নয়ন এবং বিদ্যমান পেনশন আইন বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এ ছাড়া ২০১৪ সালে আয়োৎসিনাপায় নিখোঁজ হওয়া ৪৩ জন শিক্ষক প্রশিক্ষণার্থীর পরিবার ও সমর্থক, নিখোঁজ স্বজনদের সন্ধান দাবিকারী বিভিন্ন সংগঠন, অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মচারী, প্রাণী অধিকারকর্মী এবং কৃষকরাও বিক্ষোভে অংশ নিয়েছেন।
বিক্ষোভের কারণে পুরনো শহরের অনেক সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের নির্দিষ্ট এলাকায় প্রবেশ ঠেকাতে বড় বড় ব্যারিকেড স্থাপন করেছে কর্তৃপক্ষ, যা স্থানীয়দের নজর কেড়েছে।
বিশেষ করে পাসেও দে লা রিফর্মা, ইনসুরহেন্তেস এবং ঐতিহাসিক কেন্দ্রের আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোয় বিক্ষোভকারীদের অবস্থান ও অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ব্যাহত হয়েছে গণপরিবহন ব্যবস্থাও।
ফিফার আয়োজিত ফ্যান ফেস্টকে কেন্দ্র করেও উত্তেজনা দেখা দিয়েছে। জোকালো স্কয়ারে স্থাপিত ফ্যান ফেস্ট এলাকার সঙ্গে বিক্ষোভকারীদের কর্মসূচির স্থান মিলে যাওয়ায় কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জোকালো স্কয়ারকে আন্দোলনের কেন্দ্রবিন্দু করতে চাওয়া বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে বড় ব্যারিকেড বসানো হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।




