বিশ্বকাপের পাঁচ অসম লড়াই

প্রথমবার বিশ্বকাপে র্যাংকিংয়ে ৬৫ নম্বরে থাকা কেপ ভার্দে
৪৮ দল নিয়ে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। বর্ধিত কলেবরের কারণে বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছে বেশ কিছু ‘পুঁচকে’ দল, যারা মুখোমুখি হবে বিশ্বের পরাশক্তিদের। তাই এবারের আসরে দেখা যাবে কিছু অসম লড়াই। ফিফা র্যাংকিংয়ে বিশাল ব্যবধানে এগিয়ে থাকা প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তুলনামূলক ছোট দলগুলোকে, যাকে ফুটবলীয় পরিভাষায় বলা হচ্ছে ‘ডেভিড বনাম গোলিয়াথ’র যুদ্ধ।
ফিফার সর্বশেষ অফিসিয়াল র্যাংকিং অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলোয় দুই দলের মধ্যে সর্বোচ্চ ৭৭ ধাপের ব্যবধানও পাওয়া গেছে! কিন্তু ইতিহাস বলছে, স্রেফ র্যাংকিং দিয়ে মাঠের লড়াইয়ের ভাগ্য নির্ধারিত হয় না। গত বিশ্বকাপেই আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব কিংবা ১৯৯০ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ক্যামেরুনের কাছে হেরেছিল আলবিসেলেস্তেরা। এবারও যে তেমন কিছু হবে না, তা কে বলতে পারে? খেলা শুরুর আগে নজর দেওয়া যাক এবারের আসরের পাঁচটি অসম লড়াইয়ে।
১. ব্রাজিল-হাইতি
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফিফা র্যাংকিংয়ে আছে ৬ নম্বরে। আর হাইতির অবস্থান ৮৩তম। র্যাংকিংয়ের ব্যবধান ৭৭। আগামী ১৯ জুন ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগের চারবারের দেখায় সেলেসাওরা শেষ দুটি ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল। ২০১৬ কোপা আমেরিকায় ৭-১ এবং ২০০৪ প্রীতি ম্যাচে জিতেছিল ৬-০ ব্যবধানে।
২. বেলজিয়াম-নিউজিল্যান্ড
ফিফা র্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা বেলজিয়ামের সঙ্গে এর আগে কখনো আন্তর্জাতিক ফুটবলে দেখা হয়নি ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ডের। দুই দলের র্যাংকিংয়ের ব্যবধান ৭৬।
৩. জার্মানি-কুরাসাও
জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করা সবচেয়ে ছোট দেশ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কুরাসাও। আগামী ১৪ জুন হিউস্টন স্টেডিয়ামে ‘ই’ গ্রুপে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচেই তারা মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। কুরাসাওয়ের র্যাংকিং যেখানে ৮২, জার্মানির ১০। র্যাংকিংয়ের ব্যবধান ৭২।
৪. ইংল্যান্ড-ঘানা
হ্যারি কেইন-জুড বেলিংহামদের ইংল্যান্ড এবার অন্যতম হট ফেভারিট। বোস্টন স্টেডিয়ামে ২৩ জুন ‘এল’ গ্রুপের ম্যাচে বিশ্বের ৪ নম্বর দলটির প্রতিপক্ষ ৭৩ নম্বর দল ঘানা। দুই দলের র্যাংকিংয়ের ব্যবধান ৬৯। ২০১১ সালে ওয়েম্বলিতে একমাত্র প্রীতি ম্যাচে দুই দল ১-১ গোলে ড্র করেছিল, যেখানে শেষ মুহূর্তে ঘানার হয়ে গোল করেছিলেন আসামোয়াহ জিয়ান।
৫. স্পেন-কেপ ভার্দে
বিশ্ব র্যাংকিংয়ে দুই নম্বরে থাকা ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবারের বিশ্বকাপের হট ফেভারিট। লামিন ইয়ামাল, পেদ্রিদের মতো সুপারস্টারের ভিড়ে অনেকেই স্পেনকে হবু চ্যাম্পিয়ন হিসেবে দেখছে। আটলান্টা স্টেডিয়ামে ১৫ জুন ‘এইচ’ গ্রুপের ম্যাচে সেই স্পেনের মুখোমুখি হবে বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া র্যাংকিংয়ের ৬৭ নম্বর দল কেপ ভার্দে। দুই দলের র্যাংকিংয়ের ব্যবধান ৬৫ ধাপ।




