এক পা দূরে মেসি এবং আর্জেন্টিনা
আবার সেই অসাধারণ প্রত্যাবর্তনের গল্প

অসাধারণ প্রত্যাবর্তনের গল্পে লিওনেল মেসি
লিওনেল মেসি জাদুকর হয়ে ফিরেছেন বিরতির পর। ইংল্যান্ডের গোলের পর। তিনি ঠিক করে দিয়েছেন ম্যাচের ছন্দ, এরপর এনসো ফের্নান্দেস ফিরিয়েছেন সমতা। ইনজুরি সময়ে সুপার-সাব লাউতারো মার্তিনেসের জয়সূচক গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে পৌঁছে গেছে ফাইনালে।
প্রথমার্ধে খেলার চেয়ে ধুলোই উড়েছে বেশি— ফাউল আর অযথা সময় নষ্ট করেই শেষ হয়েছে। বিরতির পর ইংল্যান্ডের প্রথম পরীক্ষাতেই ফেল মেরেছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। ৫৬ মিনিটে মরগান রজার্সের চমৎকার ক্রসে অ্যান্থনি গর্ডনের ভলি অনায়েসে জাল খুঁজে নেয়। এরপর মার্কিংয়ের বাঁধন ছিঁড়ে বেরিয়ে পড়েন জাদুকর, তার মাপা ক্রসে নিকো গঞ্জালেসের হেড পিকফোর্ড অবিশ্বাস্য সেভ করে বাঁচান ইংল্যান্ডকে। আরও কয়েকটি সেভের পর ৮৫ মিনিটে মেসির পাসে এনসো ফের্নান্দেসের দূরপাল্লার শটে তিনি পরাস্ত হন। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে লাউতারোর হেডে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের মঞ্চে।




