নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জয় দেখছে গণক বিড়াল

সংগৃহীত ছবি
‘গণক’ বিড়াল মিলু পুরো টুর্নামেন্টজুড়েই ব্রাজিলের ম্যাচের ফলাফল সঠিক অনুমান করে প্রশংসা কুড়িয়েছিল। ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে আবারও আলোচনায় গণক বিড়ালটি। মিলু বলছে, এই ম্যাচেও জয় পাবে সেলেসাওরা।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের সব কটি ম্যাচে সঠিক ভবিষ্যদ্বাণী করেছে মিলু। শুধু আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে ভবিষ্যদ্বাণীতে গড়বড় করে ফেলে সে। শেষ ৩২ দলের রাউন্ডে কেপ ভার্দে ও আর্জেন্টিনা ম্যাচে আফ্রিকান দলটির জয় দেখেছিল মিলু। আর্জেন্টিনা অবশ্য ৩-২ গোলের জয় নিয়েই শেষ ১৬তে পা রেখেছে।
ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের আগুয়ানিল পৌর শহরে মিলুর বসবাস। তার মালিক নাথান পিনেইরো। বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলের ম্যাচ নিয়ে মিলুর ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে মিলুর ভবিষ্যদ্বাণীর ভিডিওর ভিউ এরই মধ্যে ৫৫ লাখ ছাড়িয়েছে!
মিলুর মালিক নাথান পিনেইরো দুটি একই রকম প্লাস্টিকের বাটিতে খাবার রাখেন। সেখানে মাঠে নামা দুটি দেশের পতাকা লাগানো থাকে। এরপর নাথান বাটি দুটির মাঝে মিলুকে ছেড়ে দেন। মিলু তখন সেই বাটিই বেছে নেয়, যেটির পতাকাবাহী দেশ ম্যাচটিতে জিতবে বলে সে মনে করে।
মিলু যেন সব সময় ব্রাজিলের বাটিই বেছে নেয়, সে জন্য পাত্রগুলো নিয়ে কারসাজি করা হয়েছে— আর্জেন্টাইন সমর্থকদের এমন সমালোচনার জবাবে নাথান গোটা প্রক্রিয়ার একটি ভিডিও শেয়ার করেন। সেখানে পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হয়।
বাটিগুলোয় খাবার দেওয়ার পর মিলুর মালিক নাথান সেগুলো নির্দিষ্ট জায়গায় রাখেন, ক্যামেরা ঠিক করেন এবং মিলুকে তার পছন্দ বেছে নেওয়ার জন্য ডাকেন। দৃশ্যটি প্রস্তুত করার সময় রেকর্ডিংয়ের শুরুতেই নাথানকে বলতে শোনা যায়, ‘যেন সবাই দেখতে পারে, এটা কীভাবে কাজ করে।’
মিলুকে পাত্রগুলোর কাছে নিয়ে যাওয়া হলে সে ব্রাজিলের পতাকাসংবলিত বাটিটি বেছে নেয়। এর মাধ্যমে বিশ্বকাপের শেষ ষোলোয় সেলেসাওদের জয়ের ইঙ্গিত দেয়।
ভিডিওর শেষে মিলুর মালিক জানান, তিনি এই ভবিষ্যদ্বাণীর কোনো কাটছাঁট না করা (আনকাট) সংস্করণ প্রকাশ করবেন, যাতে অনুসারীরা পাত্র প্রস্তুত করা থেকে শুরু করে প্রাণীটির বাটি বেছে নেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখতে পারেন।
মিলুর ‘গণক’ হয়ে ওঠা ২০২২ কাতার বিশ্বকাপে। সেই বিশ্বকাপে মিলুর কিছু চমকপ্রদ ভবিষ্যদ্বাণী সবার নজর কেড়েছিল। এর মধ্যে ছিল শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে মরক্কোর জয় এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে দলটির সেমিফাইনালে ওঠার ভবিষ্যদ্বাণী।
বিশ্বকাপের বাইরেও মিলু বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ ব্রাদার ব্রাজিল’-এ লারিসা ও ফ্রেড নিকাসিও বাদ পড়ার পর আবারও তাদের ফেরার সঠিক আভাস দিয়েছিল সে। এ ছাড়া ২০২৩ সালের কোপা দো ব্রাসিলে সাও পাওলোর চ্যাম্পিয়ন হওয়ার পথে পুরো পথচলারই সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল মিলু।
নরওয়ের বিপক্ষে ম্যাচে মিলুর ভবিষ্যৎবাণী মেলে কিনা, সেটাই এখন দেখার বিষয়।




