মোহামেডান-আবাহনী প্রীতি ম্যাচে সম্প্রীতির বার্তা

সংগৃহীত ছবি
দুই দলের লড়াই মানেই যেন বিশেষ কিছু। একটা সময় মোহামেডান-আবাহনী মুখোমুখি হলে উত্তাপ ছড়াতো পুরো দেশে। এক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব। তবে এবার সেটা কোন উত্তাপের লড়াই নয়, হবে সম্প্রীতির বার্তা।
আবাহনী-মোহামেডান মানেই অন্যরকম উন্মাদনা। গ্যালারির গর্জন, সমর্থক আর সাদা-কালো ও আকাশি রঙের লড়াইয়ে সেই চিরচেনা রূপ বদল এবার ভিন্ন এক দৃশ্য দেখতে যাচ্ছে দেশের ফুটবলাঙ্গন
মাঠের বৈরিতা ভুলে মোহামেডান ও আবাহনীর সাবেক তারকারা এক সুতোয় বাঁধছেন সৌহার্দ্যের সেতু। উদ্দেশ্য একটাই— ৫ আগস্টের পর ভাঙচুর ও অগ্নিসংযোগে স্তিমিত হয়ে যাওয়া আবাহনী ক্লাব প্রাঙ্গণে আবার প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা।
আগামী ১৯ নভেম্বর বিকেল ৩টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি। আর্থিক অনুদান নয়, সাবেক ফুটবলাররা ক্লাবের পাশে দাঁড়াচ্ছেন নিজেদের পায়ের জাদুকরি শৈল্পিক ফুটবল দিয়েই।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর থেকেই অনেকটাই ছন্দ হারিয়েছে ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব। নিয়মিত আড্ডা, পুরোনো মুখগুলোর আনাগোনা আর কোলাহলে মুখর থাকা প্রাঙ্গণটি এখন অনেকটাই স্তব্ধ। ক্লাবের সেই হারানো সোনালি দিন ও মিলনমেলা ফিরিয়ে আনতেই মোহামেডানের সাবেক ফুটবলারদের এই মহৎ উদ্যোগ।
মোহামেডানের সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকীব মনে করেন, এই ম্যাচটি কেবলই কোনো ৯০ মিনিটের লড়াই নয়; বরং পুরোনো মানুষদের একত্রিত করার এক সুযোগ। আবাহনীর সাবেক ফুটবলার কাজী নজরুল ইসলামও জানালেন একই আশাবাদ। শুধু ফুটবলার নয়, অন্য ডিসিপ্লিনের সাবেকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে।
এদিকে সাম্প্রতিক সাফ চ্যাম্পিয়নশিপের প্রচারণায় সাবেকদের প্রীতি ম্যাচে গোলবার সামলানো দেশের সাবেক তারকা গোলরক্ষক ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক থাকছেন এই ম্যাচটিতেও। ঘরোয়া ফুটবলে অতীতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়েই মাঠ মাতানো এই তারকা এবার এক অনন্য নজির গড়বেন—খেলবেন ম্যাচের প্রথমার্ধে এক দলের হয়ে, আর দ্বিতীয়ার্ধে অন্য দলের হয়ে!



