এবার নারী কেলেঙ্কারিতে ফাঁসছেন ইনফান্তিনো!

সংগৃহীত ছবি
বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। সাংগঠনিক সব ঝামেলা যখন কিছুটা কাটিয়ে উঠতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, ঠিক তখনই সামনে এলো নতুন ইস্যু। বিবাহ বহির্ভূত সম্পর্কে এ জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, উয়েফার সাধারণ সম্পাদক থাকার সময় ইনফান্তিনোর সঙ্গে ‘কথিত সম্পর্ক’ থাকা এক নারীকে বড় অঙ্কের অর্থ দিয়েছিল উয়েফা। প্রতিবেদনে ওই নারীকে উয়েফাতে কাজ করা তার জুনিয়র সহকর্মী বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নিয়ম ভেঙে ওই নারীকে আকর্ষণীয় পদোন্নতি দেওয়ার অভিযোগও উঠেছে ইনফান্তিনোর বিরুদ্ধে। ওই নারীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেই অভিযোগ উঠেছে।
ইনফান্তিনোর এক মুখপাত্র অবশ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, ‘ফিফা সভাপতি এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন এবং এগুলো সম্পূর্ণ অসত্য। তার সঙ্গে এমন আচরণ, কোনো বিধি কিংবা নিয়ম লঙ্ঘনের ইঙ্গিত দেওয়া মানহানিকর। উয়েফা ও ফিফার কোনো কর্মী কখনোই ইনফান্তিনোর আচরণ নিয়ে অভিযোগ করেননি, কারণ তার এমন কিছুতে জড়িত থাকার মতো ঘটনাই কখনো ঘটেনি।’
এদিকে টেলিগ্রাফ জানিয়েছে, উয়েফা নিশ্চিত করেছে, সংশ্লিষ্ট নারীকে অর্থ প্রদান করা হয়েছিল এবং স্থানীয় একটি বিজনেস স্কুলে তার এমবিএ কোর্স সম্পন্ন করার ফি মেটাতেও ওই অর্থ ব্যবহার করা হয়।
সংস্থাটির তথ্যমতে, ওই সময়কার নিয়ম অনুযায়ী সব অর্থ প্রদানই বৈধ ছিল। তবে পরে সেই নিয়ম আরও কঠোর করা হয়েছে।
ইনফান্তিনো ২০০০ সালে উয়েফায় যোগ দেন এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক হন। পরে ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হন তিনি।




