স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ম্যাচ স্থগিত

সংগৃহীত ছবি
স্পেনের তোলেদো প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বুধবারের কোপা দেল রের প্রথম রাউন্ডের ম্যাচগুলো স্থগিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের সূচিতে থাকা নাভালকারনেরো-রিয়াল বেতিস, সালামাঙ্কা-সেল্তা ভিগো এবং তাভেরনেস-ভ্যালেন্সিয়ার ম্যাচসহ আরও কয়েকটি খেলা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের ম্যাচগুলো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। স্থগিত ম্যাচগুলোর নতুন সূচিও ঘোষণা করা হয়নি।
স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে তোলেদো প্রদেশের লস ইয়েবেনেস ও উর্দা এলাকার মধ্যবর্তী রেলপথে দুর্ঘটনাটি ঘটে। স্প্যানিশ সংবাদ সংস্থা ইউরোপা প্রেসের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা আইরিওর একটি ট্রেনে ধাক্কা দেয়।
সংঘর্ষে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী দ্রুতগতির ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে ক্লাবটি। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের প্রতিও সংহতি জানিয়েছে তারা।
বার্সেলোনা সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। একইভাবে শোক প্রকাশ করেছে আতলেতিকো মাদ্রিদও।
এদিকে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, জরুরি সেবা ও চিকিৎসাকর্মীদের মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনো জানা যায়নি।



