সূচি প্রকাশ
ঢাকায় ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে সাফের উদ্বোধন

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। আগামী নভেম্বর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জমজমাট ম্যাচগুলোর দিনক্ষণ ও সময় চূড়ান্ত করেছে সাফ কর্তৃপক্ষ। উদ্বোধনী দিনেই স্বাগতিক বাংলাদেশ তাদের মিশন শুরু করবে ভুটানের বিপক্ষে।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বিকেল সাড়ে তিনটায় হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। আর রাত আটটায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।
গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতেও রয়েছে রোমাঞ্চকর লড়াই। ৮ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় মালদ্বীপ লড়বে পাকিস্তানের বিপক্ষে এবং রাত আটটায় শ্রীলঙ্কা মুখোমুখি হবে ভুটানের। এরপর ১১ নভেম্বর দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে তিনটায় ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ এবং রাত আটটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
গ্রুপ পর্বের লড়াই শেষে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। যেখানে বিকেল তিনটায় গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ ‘এ’ রানার্সআপের বিপক্ষে এবং রাত সাড়ে আটটায় লড়বে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘বি’ রানার্সআপ দল। এরপর ১৭ নভেম্বর রাত আটটায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত হবে দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল রাজা।
এদিকে সূচি প্রকাশের পাশাপাশি সাফ কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার সাপেক্ষে এই সূচিতে কিছু পরিমার্জন আনা হতে পারে। এমনটা হলে পরবর্তীতে সংশোধিত সূচি প্রকাশ করা হবে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কি পারবে শিরোপা উঁচিয়ে ধরতে?
| তারিখ | সময় | ম্যাচ / দলসমূহ |
| ৫ নভেম্বর ২০২৬ | বিকেল ০৩:৩০ | ভারত বনাম পাকিস্তান |
| রাত ০৮:০০ | বাংলাদেশ বনাম ভুটান | |
| ৮ নভেম্বর ২০২৬ | বিকেল ০৩:৩০ | মালদ্বীপ বনাম পাকিস্তান |
| রাত ০৮:০০ | শ্রীলঙ্কা বনাম ভুটান | |
| ১১ নভেম্বর ২০২৬ | বিকেল ০৩:৩০ | ভারত বনাম মালদ্বীপ |
| রাত ০৮:০০ | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | |
| ১৪ নভেম্বর ২০২৬ | বিকেল ০৩:০০ | গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্সআপ (সেমিফাইনাল ১) |
| রাত ০৮:৩০ | গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্সআপ (সেমিফাইনাল ২) | |
| ১৭ নভেম্বর ২০২৬ | রাত ০৮:০০ | ফাইনাল (সেমিফাইনাল ১ জয়ী বনাম সেমিফাইনাল ২ জয়ী |
বিশেষ দ্রষ্টব্য: নেপালের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হওয়ার সাপেক্ষে ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই ফিকশ্চারে কিছু পরিবর্তন আনা হতে পারে এবং পরবর্তীতে সংশোধিত সূচি প্রকাশ করা হবে। |





