সাফ ২০২৬
খাবার নিয়ে আপত্তি ভারতের!

ছবি: আগামীর সময়
মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত।তাদের বাংলাদেশে থাকতে হচ্ছে আরও কয়েকটা দিন। এই কয়েক দিনেই বাংলাদেশের নানা ইস্যুতে বেশ ‘বিরক্ত’ ভারত। বিশেষ করে ইচ্ছেমত খাবার না পাওয়ায় চটেছেন কোচ নওশাদ মুসা।
বাংলাদেশে সাফ ফুটবল খেলতে এসে একের পর এক অব্যবস্থাপনার অভিযোগ ভারতীয় ফুটবল দলের সদস্যদের। শুরুতে হোটেল চেক-ইনে প্রায় ৫ ঘন্টার দেরি, এবারে অভিযোগ একঘেয়ে খাবারের। আগামী কয়েকটা দিন তাই একটু শহর ঘুরে দেখা আর ভিন্ন স্বাদের খাবার চাখার স্বাধীনতা চাইছেন ভারতের কোচ।
নিউজিল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে পৌঁছে গেছে ভারতের মূল জাতীয় দল। ঢাকায় সাফের দল থেকে খালিদ জামিলের দলে জায়গা পেয়েছেন ৫ জন, নতুন করে এসেছেন ৭ জন। দলে এত অদল বদলের পর মালদ্বীপের বিপক্ষে একাদশে এনেছেন ৭ পরিবর্তন। তাতে ভারতের দলটা খুব একটা গোছানো ফুটবল খেলতে পারেনি, খেলাতেও ছিল না পরিকল্পনার ছাপ। পেনাল্টি থেকে পাওয়া গোলে ১-০ ব্যবধানে জিতেছে ভারত, ৩৭ মিনিটে আব্দুল রাবেহকে করা ইউসুফের ফাউলে পাওয়া পেনাল্টিতে গোল করেছেন সুহাইল ভাট। আসরে এটি তার তৃতীয় গোল।
জয়ের পর সংবাদ সম্মেলনে কোচ নওশাদ মুসা বললেন, আয়োজকদের দেয়া একঘেয়ে খাবার খেতে হচ্ছে তাদের, 'আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। একমাত্র সমস্যা খাবারের। আয়োজক হিসেবে তো আপনি বলতে পারেন না যে এটাই তোমাদের খেতে হবে! আমাদের একটা নির্দিষ্ট সেট মেন্যু ধরিয়ে দেওয়া হচ্ছে, যা মেনে নেওয়া সম্ভব নয়।’
খেলোয়াড়দের পুষ্টির যোগান পুরোপুরি হচ্ছে না আয়োজকদের দেয়া খাবারে বলছেন মুসা, 'ম্যাচের পর খেলোয়াড়দের ভালো ও পুষ্টিকর খাবার খুব দরকার। ম্যাচের দিনে ফুটবলাররা বেশি কিছু খেতে পারে না, ফলে খেলার পর তাদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার প্রয়োজন হয়। কিন্তু আমরা হোটেলে গিয়ে দেখি সেই প্রতিদিনের একই খাবার। রোজ একই জিনিস দেওয়া হচ্ছে।’
বিমানবন্দর সংলগ্ন একটি তারকা হোটেলে আছেন ভারতের ফুটবলাররা, সেখান থেকে বের হয় স্থানীয় খাবার চেখে দেখার সুযোগও হচ্ছে না নিরাপত্তাজনিত কারণে, জানালেন কোচ, 'ঢাকা শহর উপভোগ করতে হলে তো বের হতে হবে, কিন্তু তাঁদের সারা দিন হোটেলেই বন্দী থাকতে হচ্ছে।'
দলে বেশ অদল বদলের ফলে পরিকল্পনায় কতটা পরিবর্তন আনতে হয়েছে, এই প্রসঙ্গে মুসা বলেছেন, 'টুর্নামেন্টের সময় স্কোয়াডে যেকোনো পরিবর্তন স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তনের জন্ম দেয়। তবে এগুলো এমন কিছু সিদ্ধান্ত যা দল হিসেবে আমাদেরই সামলাতে হয়। ফুটবল মানেই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, আর স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়কে দায়িত্ব নিতে প্রস্তুত থাকতে হবে।' বন্দীদশা, একঘেয়ে খাবার আর বদল; সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে মালদ্বীপকে বিপক্ষে ম্যাচটা জিতে গেছে ভারত, তাদের সামনে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা।



