থমাস ডুলি
অধিনায়ক না হয়েও হামজা দলের নেতা

ছবি: বাফুফে
বাংলাদেশের ফুটবলের চালচিত্র বদলে গেছে তার আগমনের পর। অভিষেকের পর থেকেই হামজা চৌধুরী যেন বাংলাদেশ দলের 'পোস্টার বয়'। আসিয়ান কাপেও দলের সবচেয়ে বড় ভরসা তিনিই। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে কোচ থমাস ডুলি জানালেন, আর্মব্যান্ড না পড়লেও হামজাই দলের নেতা।
দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে আর্মব্যান্ড না পড়লেও হামজা সবখানেই দলকে নেতৃত্ব দিতে পারেন বলেই জানালেন ডুলি, ‘অধিনায়কত্বের ব্যান্ড ছাড়াও দলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হামজার রয়েছে। ড্রেসিংরুম, গ্যালারি কিংবা হোটেল—সব জায়গায়ই সে একজন নেতা। কিন্তু তার এই ব্যান্ডের প্রয়োজন নেই। সমর্থকদের কথা বিবেচনা করলে আলাদা বিষয়, সেটা তাকেই জিজ্ঞেস করতে হবে, কিন্তু তার নিজের এটি দরকার নেই।‘
হামজাকে দেখে বাকিদের শেখার আহ্বান ডুলির, ‘আমি খেলোয়াড়দের আগেই বলেছি, সঠিক মনোভাব বা মানসিকতা কী জিনিস তা জানতে হলে হামজাকে দেখো। যখন সে ওয়ান-অন-ওয়ান লড়াইয়ে যায়, দেখো সে কীভাবে ডিফেন্ড করে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে। রাকিবের দিকে তাকাও, যখন সে বল বা প্রতিপক্ষের খেলোযাড়ের দিকে যায়, কতটা চেষ্টা সে করে—তা সত্যিই অবিশ্বাস্য! অথচ যদি আমি দেখি খেলোয়াড়রা কেবল হেঁটে বেড়াচ্ছে এবং কোনো চাপ ছাড়াই ভুল করছে, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে না। অথচ শেষ ম্যাচে আমরা তা দেখতেই পাইনি, শুধু লম্বা বল তুলে মারা হয়েছে—এটি মোটেও আমার কাঙ্ক্ষিত ফুটবল ছিল না।‘



