আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস
১৬তম চ্যাম্পিয়নস লিগ জিতবে রিয়াল

সংগৃহীত ছবি
টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল তারা। রেকর্ড ১৫ চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ এই শিরোপা ঘরে তুলেছিল ২ বছর আগে। নতুন মৌসুম শুরুর আগে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র বলছেন, এবার শিরোপা উঠবে তাদের হাতেই।
গত দুই মৌসুমে বড় কোন শিরোপা জিততে পারেনি রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও খুব বেশিদূর যেতে পারেনি তারা। রেকর্ড ১৬তম শিরোপার লক্ষ্য নিয়ে আজ রাত ১টায় ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছে রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ম্যাচের আগে ভিনি বলেন, ‘আমি আশা করি এবার ১৬তম শিরোপাটি আসবে। আমরা এর জন্য প্রস্তুত। এটি আমাদের প্রতিযোগিতা। আমরা দুই বছর ধরে ভালো পারফর্ম করিনি। আমাদের প্রথম লক্ষ্য হলো শীর্ষ আট দলের মধ্যে থাকা। আমরা সবসময় চ্যাম্পিয়নস লিগ নিয়ে রোমাঞ্চিত। এই মৌসুমটি আগের দুই মৌসুমের থেকে আলাদা হবে এবং আমরা এবার জিতব।’
ইন্টারের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না বলেই বিশ্বাস ভিনির, ‘আমরা একটি বড় দলের বিপক্ষে খেলতে নামছি। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত। ইন্টার শারীরিকভাবে খুব শক্তিশালী একটি দল এবং তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে রক্ষণভাগ সামলায়, যা সাধারণত আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে, তবে কোচ সবকিছু প্রস্তুত করেছেন।’





