‘পারফেক্ট’ রোদ্রিতে উচ্ছ্বসিত ফ্লিক

সংগৃহীত ছবি
অনেক নাটকের পর ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় এসেছেন তিনি। স্প্যানিশ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রোদ্রি বার্সার জার্সিতে প্রথমবার মাঠে নামলেন আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে। বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর কাতালান কোচ হান্সি ফ্লিক বলছেন, ‘পারফেক্ট’ রোদ্রিকে পেয়ে দারুণ খুশি পুরো বার্সা।
ক্যাম্প ন্যুতে ম্যাচের তখন ৬৩ মিনিট গোলদাতা রাফিনিয়াকে তুলে রোদ্রিকে নামান ফ্লিক। এবারের বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই মিডফিল্ডার দৌড়ে মাঠে ঢোকার সময় করতালির বৃষ্টি নামে পুরো গ্যালারিতে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক জানান, ‘সবাই খুব খুশি যে, রোদ্র আমাদের হয়ে খেলছে, বার্সার হয়ে খেলছে। সে আমাদের জন্য ‘পারফেক্ট’ খেলোয়াড়। আমাদের দর্শন ও যে ধারার খেলা আমরা খেলতে চাই, সে জন্য ‘পারফেক্ট’ ফুটবলার।’
এদিকে বার্সার হয়ে যাত্রা শুরু করতে পেরেই খুশি রোদ্রি, ‘বার্সার হয়ে প্রথম ম্যাচটি খেলে এবং জিততে পেরে ভালো লাগছে। দলের টানা দ্বিতীয় জয়। ছন্দ ফিরে পাওয়াটা গুরুত্বপূর্ণ।’
লা লিগায় ঘরের মাঠে এ নিয়ে টানা ২০ ম্যাচ জিতল বার্সা। এর আগে ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত জিতেছিল টানা ২৫ ম্যাচ। ক্যাম্প ন্যুতে এই ম্যাচে বার্সার পোস্টে একটি শটও নিতে পারেনি বিলবাও। ক্যাম্প ন্যুতে টানা ১৬ ম্যাচ জয়শূন্য রইল ক্লাবটি।







