রাজকীয় সম্মান
মেসিকে পুরস্কৃত করলেন স্পেনের রাজকুমারী

লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা যে শুধু আর্জেন্টিনা কিংবা বার্সেলোনার সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটিরই আরেকটি প্রমাণ মিলল স্পেনে। দেশটির মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার গ্রহণ করতে উত্তর স্পেনের ওভিয়েদোতে গিয়ে রীতিমতো রাজকীয় সংবর্ধনা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। অসামান্য ফুটবল ক্যারিয়ার ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে ৩৯ বছর বয়সী মেসিকে।
গতকাল শুক্রবার ওভিয়েদোর ক্যাম্পোয়ামোর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মেসি। জুরিবোর্ড তাকে অভিহিত করেছে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে। মাঠের সাফল্যের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার ভূমিকারও প্রশংসা করেছে পুরস্কার কর্তৃপক্ষ। গত জুনেই ক্রীড়াক্ষেত্রে মেসিকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হলো সম্মাননা। মেসির আগমন ঘিরে ওভিয়েদোতে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা স্থানীয় সংবাদমাধ্যমেরও নজর কেড়েছে। স্প্যানিশ সংবাদপত্র এএসের প্রতিবেদন অনুযায়ী, শহরটিতে মেসিকে ঘিরে কয়েক দিনের উচ্ছ্বাস ২০২৩ সালে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের সফরের সময় দেখা উন্মাদনাকেও ছাড়িয়ে গেছে।
অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সময় ব্যাগপাইপ ও ড্রামের বাদ্যে মেসিকে স্বাগত জানানো হয়। আর্জেন্টিনার জার্সি পরা অসংখ্য সমর্থকও সেখানে উপস্থিত ছিলেন। প্রিয় তারকাকে একনজর দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন অনেকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রিন্সেস লিওনরের কাছ থেকে সম্মাননাপত্র গ্রহণ করেন মেসি। পরে ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘ক্রীড়াক্ষেত্রে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পাওয়া দারুণ সম্মানের। সবার সঙ্গে দেখা হয়ে দারুণ সময় কেটেছে।’ অনুষ্ঠানে মেসিকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে রাজকুমারী লিওনর বলেন, ‘ফুটবল ছাড়া আর কোনো বিষয় মানুষের মধ্যে এমন সর্বজনীন অনুভূতি তৈরি করতে পারে কি না, জানি না। একটি মুহূর্ত, একটি গোলের জন্য সবার অপেক্ষা—যেখানে সবকিছু এক বিন্দুতে মিলে যায়। এ কারণেই মেসির এবং তার অতুলনীয় ক্যারিয়ারের দিতে তাকানোটা অর্থবহ। এটি আমাদের সামনে আর্জেন্টাইন ফুটবলারের এক দারুণ সংজ্ঞা তুলে ধরে।’
১৯৮১ সালে চালু হওয়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার স্প্যানিশভাষী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। শিল্পকলা, বিজ্ঞান ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান এবং মানবিক মূল্যবোধের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। এর সঙ্গে রয়েছে ৫০ হাজার ইউরো অর্থমূল্য। ক্রীড়াক্ষেত্রে এর আগে এই পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন দৌড়ের কিংবদন্তি এলিউদ কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন।





