আরও ‘বড়’ হতে বাংলাদেশ ছাড়ছেন সুকি

নিজেকে আরও পরিণত করতে ও জাতীয় দলকে ভালো কিছু দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল লিগ ছেড়ে বাইরের কোনো উন্নত লিগে খেলতে চান ফর্টিস এফসির ফরোয়ার্ড সুকি ইতোফুসা। জাপানে জন্ম ও বেড়ে ওঠা এই ফুটবলারের হয়ে তার এজেন্ট বর্তমানে বিকল্প খুঁজছে। ফর্টিস ছাড়ার প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুকি। ক্লাবটির সভাপতি শাহীন আহমেদও সুকির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার পাশে থাকার অঙ্গীকার করেছেন।
জাতীয় দলে ফেরার বিষয়ে আশাবাদী সুকি বললেন, ‘হ্যাঁ, এটা আমার দেশ।’ সাফের ফাইনালে খেলতে না পারার আক্ষেপ নিয়ে তিনি বললেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ বাংলাদেশের লিগ ছাড়া প্রসঙ্গে কোনো সমস্যা নেই জানিয়ে সুকি বলেছেন, ‘না, খুব ভালো। আমার দেশ খুব ভালো।’
সুকির বিদেশের লিগে খেলার ইচ্ছার কথা জানিয়ে ফর্টিস এফসির সভাপতি শাহীন আহমেদ বললেন, ‘ও আমাকে কারণটা বলেছে কেন যেতে চাচ্ছে। ও চাচ্ছে একটু ফাস্ট ফুটবল, বাইরের কোনো দেশে...। আমাদের চেয়ে যেন ফাস্ট একটা লিগ হয়, কম্পিটিটিভ কোনো লিগে যেতে চাচ্ছে। যেন আরও শক্তিশালী ও পরিণত হয়ে সে আবার বাংলাদেশে এসে খেলতে পারে।’ সুকির এজেন্ট তার জন্য থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বেশ কিছু জায়গায় চেষ্টা করছে।
সুকিকে ছাড়ার বিষয়ে ক্লাবের ইতিবাচক অবস্থানের কথা জানিয়ে শাহীন আরও বললেন, ‘তার সঙ্গে এক বছরের চুক্তি ছিল। আমরা চাইলে বা আমাদের চুক্তির বেড়াজালে তাকে আটকাতে পারতাম। এখানে জাতীয় দল ইস্যু, আমরা ফর্টিস প্রথম থেকেই চেয়েছি জাতীয় দল যাতে ভালো করে, তাতে আমাদেরও ভালো হবে। ও যেহেতু তরুণ, ওর যেহেতু একটা বাইরের ফুটবল ক্লাবে খেলার প্রস্তাব আছে, অবশ্যই ফর্টিস এটার ব্যাপারে শতভাগ সমর্থন দেবে।’



