অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ
মন্টেনেগ্রোকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়েছে পাভেল হাসানরা। জোড়া গোল করেছেন পাভেল, বাকি দুই গোল মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালির।
বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে ৪০ মিনিটের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। নবম মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলেও ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বাংলাদেশ বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন পাভেল। তার জোড়া গোলে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়। পাভেলের দুই গোলের মাঝখানে একবার জালের দেখা পান শিবাক। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই নিয়ে টুর্নামেন্টে আট ম্যাচ খেলে বাংলাদেশ পেল চতুর্থ জয়।
ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরুর পর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। এরপর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বুরুন্ডির কাছে হারতে হয় ২-০ গোলে। তবে ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর নকআউট পর্বে কঠিন দুই বাধা পেরিয়ে নিশ্চিত হয় শেষ আট।
শেষ ৩২ দলের লড়াইয়ে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ওঠে বাংলাদেশ। শেষ ষোলোতেও সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায়।




