এশিয়া কাপ আর্চারি
কাজাখস্তানকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ

সংগৃহীত ছবি
ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট এর লেগ–২-এর রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে পরাজিত করে এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের আর্চাররা।
বাংলাদেশ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি। দলের কোচ ছিলেন মার্টিন ফ্রেডরিক।
ফাইনালে প্রথম সেটে ৫০–৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটে ৫৫–৫৪, তৃতীয় সেটে ৫৫–৫২ এবং চতুর্থ সেটে ৫২–৫১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দল। চার সেটের লড়াই শেষে ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে কম্পাউন্ড দলীয় ইভেন্টে সোনা জিতেছিল নারী দলের বন্যা, মনি ও শ্রীপর্ণা।
বাংলাদেশ আর্চারি ফেডারেশন স্বর্ণজয়ী দলের সকল আর্চার, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে।



