চ্যাম্পিয়নস লিগ
ইয়ামালকে আটকাতে পিএসজির বিশেষ কৌশল

সংগৃহীত ছবি
এই মৌসুমে এখন পর্যন্ত হারেনি তারা। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ, টানা ১১ ম্যাচের জয়ে উড়ছে বার্সেলোনা। আজ রাতে চ্যাম্পিয়নস লিগের হাই ভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি কাতালানরা। ম্যাচের আগে পিএসজি কোচ লুইস এনরিকে বলছেন, লামিন ইয়ামালকে থামাতে তার পায়ে বলই যেতে দেবেন না তারা।
১১ ম্যাচ জয়ের পথে বার্সার জার্সিতে ৯ গোল ও ১০ অ্যাসিস্টে দুর্দান্ত ফর্মে আছেন ইয়ামাল। পিএসজির বিপক্ষে ম্যাচেও তিনি হান্সি ফ্লিকের তুরুপের তাস।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এনরিকে জানালেন ইয়ামালকে আটকানোর রণকৌশল, ‘ইয়ামালকে থামানোর সেরা উপায় হলো বার্সেলোনার কাছ থেকে বল দূরে রাখা। সে যদি বল না পায়, সবকিছু ঠাণ্ডা থাকবে। এটাই হবে আদর্শ, কিন্তু আমরা জানি সেটা হচ্ছে না। কারণ বার্সেলোনা ও ইয়ামালের বিপক্ষে খেলা কঠিন।’
এনরিকে আরও বলেন, ‘তাদের মানের দলকে প্রতিহত করার উপায় হলো সতর্ক থাকা এবং দলগত খেলা। কিন্তু এটা শুধু লামিন নয়, রাফিনিয়া, পেদ্রি, আরও অনেক সেরা খেলোয়াড় আছে।’
১৬ বছর বয়সে মাঠে নামার পর থেকেই লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করা হয়। তিনিও একই পজিশন ও ১০ নম্বর জার্সিতে খেলেন।
কিন্তু বার্সায় মেসির কোচ হিসেবে থাকা এনরিকে এমন তুলনায় আপত্তি জানালেন, ‘আমি মনে করি লামিন লামিন হতে চায় এবং সে খুব ভালো করছে। খেলার সবদিক থেকে সে উন্নতি করছে। কিন্তু সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে যদি তাকে তুলনা করেন, তাহলে একজনই বিজয়ী হবে। সম্ভবত আমরা এ নিয়ে ভবিষ্যতে কথা বলতে পারি। কিন্তু ঠিক এখন মেসির সঙ্গে তাকে তুলনা করা ভালো ব্যাপার নয়।’



