ঢাকাকে অনিরাপদ ভাবছে না ভারত

ছবি: আগামীর সময়
মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে এই বছরের শুরুতে বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। ৩ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও আসেনি ভারত, যে সফরটা নিরাপত্তাজনিত কারণে ২০২৫ সালের আগস্ট থেকে পিছিয়ে এই বছরে নিয়ে আসা হয়। তবে শেষ পর্যন্ত ভারতীয় দল আসেনি বাংলাদেশ সফরে।
যৌথ বিবৃতিতে ভারত ও বাংলাদেশ দুই দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকেই জানানো হয় ব্যস্ত আন্তর্জাতিক সূচীর কথা, তবে দুই দেশের বেশ কিছু রাজনৈতিক ইস্যু এখনো অমীমাংসিত থাকায় এখনো স্বাভাবিক হয়নি ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। এমন পরিস্থিতিতে সাফ চ্যাম্পিয়ানশিপ খেলতে ঢাকায় পা রেখেছে ভারতের জাতীয় ফুটবল দল। কোচের দায়িত্বে থাকা নওশাদ মুসা পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর বললেন, ঢাকা তার কাছে মোটেও অনিরাপদ নয়।
২০২৪ এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অনির্বাচিত এবং নির্বাচিত, দুই ধরনেরই সরকার দেখা গেছে গত বছর দুয়েকে। এই সময়ে ভারতের কাবাডি,হ্যান্ডবল দল এসেছে বাংলাদেশে। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে ভারত ফুটবল দলও এসেছিল একবার। এবারের সাফ চ্যাম্পিয়নশিপের সময়ে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচ খেলার সূচীর কথা প্রকাশ করলে ধারণা করা হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপে দল পাঠাবে না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
তবে শেষ পর্যন্ত জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের নিউজিল্যান্ডে পাঠিয়ে দ্বিতীয় সারির দল বাংলাদেশে পাঠিয়েছে তারা। দলটির কোচ নওশাদ মুসা মূলত ভারতের অনূর্ধ-২৩ দলের কোচের দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার নওশাদ জানালেন, ' না না, একদমই অনিরাপদ বোধ করছি না। একটা ব্যপার, আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বলেছিলেন একা একা আমরা যেন কোথাও না যাই, সেটা সাধারণ সতর্কতার অংশ হিসেবে। আমাদের হাই কমিশন থেকেও আলাদা করে কোন নির্দেশনা বা কিছু দেওয়া হয়নি। আমাদের খেলা না থাকলে তো আমরা বের হইনি এখন পর্যন্ত, শুধু এখানে ( জাতীয় স্টেডিয়াম) আসলাম আর অনুশীলনে গেলাম, কোন অসুবিধার মুখে পড়িনি। আর ক্রিকেট দলের নিরাপত্তার মান কেমন সেটাও আমি জানি না।'
ঢাকায় এসে ভারতীয় দলের হোটেল পেতে সমস্যা হয়েছে, এমন কিছু খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো। এই প্রসঙ্গে মুসা বলেছেন, ' আমরা আর শ্রীলঙ্কা দল একসঙ্গেই নেমেছি, ৩টা কিংবা ৩-১৫ মিনিটের দিকে। এরপর হোটেলে আমরা রুম পেয়েছি রাত ৮টার দিকে। ওদের ওখানে কি সব সমস্যা হচ্ছিল, হয়তো টাকা পরিশোধ করা হয়নি...আমি সঠিক জানি না। ওটাই একমাত্র সমস্যা হয়েছে এখন পর্যন্ত।'
জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার একটা সম্ভাবনা জেগেছে, তবে এখনো দুই বোর্ডের আলোচনা প্রাথমিক পর্যায়ে। হয়তো সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় ফুটবল দলের আতিথেয়তা ও নিরাপত্তা কেমন, সেটাও পর্যালোচনা করবেন দুই দেশের নীতিনির্ধারকরা।



