রোনালদোকে মিস করার প্রশ্নে জেসুসের সোজাসাপটা জবাব

সংগৃহীত ছবি
ক্রিস্তিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পর্তুগাল। ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। ব্রাগায় এই হারে পর্তুগালের কোচ হিসেবে প্রথমবার পরাজয়ের স্বাদ পেয়েছেন জর্জ জেসুস। তবে দলের হারের পর রোনালদোর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও তা নিয়ে ভাবতে রাজি নন এই কোচ।
গত সপ্তাহে ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন রোনালদো। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে বিদায় নেন তিনি। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে আবেগঘন আয়োজনে তাকে বিদায় জানানো হয়। কিন্তু ম্যাচ শুরু হতেই সেই আবহ বদলে যায়। নিজেদের মাঠে ৪-১ গোলের বড় হারে ডুবতে হয় পর্তুগালকে। আনুষ্ঠানিক ম্যাচে ঘরের মাঠে এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়।
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত ছিলেন জেসুস। ডেনমার্কের বিপক্ষে হারে সেই ধারায় ছেদ পড়েছে। ম্যাচ শেষে রোনালদোর অভাব অনুভব করছেন কি না এমন প্রশ্নের জবাবে সরাসরি উত্তর দেন পর্তুগিজ কোচ, ‘রোনালদোকে কি মিস করছি? সে যখন আর জাতীয় দলে নেই, তখন তাকে মিস করব কীভাবে? শুধু আমার সঙ্গ দেওয়ার জন্য হলে ভিন্ন কথা। সে আর খেলছে না। এখানে নেই। নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত সে নিয়েই ফেলেছে।’
ম্যাচে রক্ষণভাগের দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠেছে পর্তুগালের। ডেনমার্কের হয়ে জোড়া গোল করেন রাসমুস হইলুন্দ। বাকি গোল দুটি করেন পিয়েরে-এমিল হইবিয়ার্গ ও ইয়োয়াকিম অ্যান্ডারসেন। ম্যাচের শেষদিকে বার্নার্দো সিলভার গোলটি কেবল পর্তুগালের হারের ব্যবধান কমিয়েছে।



