অর্জিত সম্পদ হারিয়ে বিপাকে রবার্তো কার্লোস

সংগৃহীত ছবি
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোসের পেশাদার ক্যারিয়ারে আয় করা বিপুল সম্পদের প্রায় পুরোটাই এখন আর তার কাছে নেই। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত পর্তুগাল ফুটবল সামিটে ৫৩ বছর বয়সী সাবেক এই তারকা মাঠের বাইরের নানা সমস্যার কথা খোলামেলা জানিয়েছেন। নিজের পুরো ক্যারিয়ারে অর্জিত সম্পদের প্রায় ৯৯ শতাংশই হারিয়েছেন বলে জানান তিনি।
ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ফেনারবাহচেতে খেলে বড় অঙ্কের অর্থ আয় করেছিলেন কার্লোস। তবে অতীতে ভুল মানুষের সঙ্গে ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন বলে জানান তিনি, ‘কিছু মানুষের কারণে আমি সমস্যায় পড়েছিলাম। তারা আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিয়েছিল। ফুটবল থেকে যা আয় করেছিলাম তার ৯৯ শতাংশই হারিয়েছি। আমার পরিবারেও খুব গুরুতর একটি সমস্যা ছিল। বৃহস্পতিবার রাত ১২টায় ঘুমাতে গিয়েছিলাম। শুক্রবার সকালে এমন একগুচ্ছ কাগজপত্র পেলাম যেগুলো সম্পর্কে আমি কিছুই জানতাম না। তখনই বুঝতে পারি অতীতে যা কিছু অর্জন করেছিলাম সব হারিয়েছি।’
এই পরিস্থিতির জন্য নিজের কিছু ভুলও স্বীকার করেছেন কার্লোস। সেই ভুলগুলোর জন্য এখনো তার আফসোস হয়। একই সঙ্গে বর্তমান সময়ের তরুণ ফুটবলারদের শুধু ফুটবল ক্যারিয়ারের ওপর নির্ভর না করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি,‘আমি সব সময়ই ফুটবল খেলা শেষ করার পরের জীবন নিয়ে পরিকল্পনা করেছি। একজন খেলোয়াড় হিসেবে নিজের পরিচিতি তৈরি করা এবং নিজের ভাবমূর্তি কাজে লাগানো গুরুত্বপূর্ণ। যখন ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিই তখন এরই মধ্যে স্পোর্টিং ডিরেক্টরের লাইসেন্স নিয়েছিলাম এবং অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছিলাম।’
ফুটবল ছাড়ার পর এসব কাজই তাকে আর্থিকভাবে সহায়তা করছে। যদিও ক্যারিয়ারে গড়া সম্পদের বড় একটি অংশ তিনি হারিয়েছেন।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে বিবেচিত রবার্তো কার্লোসের খেলোয়াড়ি জীবনের মোট আয় প্রায় ১৬ কোটি ইউরো বলে বিভিন্ন হিসাব থেকে ধারণা করা হয়। ব্রাজিলের সম্প্রচারমাধ্যম গ্লোবো জানিয়েছে, তার অতীতের আর্থিক সমস্যার সঙ্গে মূলত খেলোয়াড়দের এজেন্টদের সংশ্লিষ্টতা ছিল।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জিতেছেন কার্লোস। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগা শিরোপা। বর্তমানে তিনি রিয়ালের যুব দলের কোচ হিসেবে কাজ করছেন এবং ক্লাবটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন।



