কাসেমিরো
মেসি এখনও বিশ্বসেরা, ব্যালন ডি'অরের দাবিদার

ইন্টার মায়ামির হয়ে ক্রুজ আজুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স কাপ জয়ের পর ব্যালন ডি’অরের ভোটিং প্রক্রিয়া ও মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। একই সঙ্গে সতীর্থ লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করে তিনি দাবি করেছেন যে, মেসিই বর্তমান বিশ্বের সেরা ফুটবলার এবং গত বিশ্বকাপে তিনি তা প্রমাণ করে দিয়েছেন।
মেক্সিকান ক্লাবটির বিপক্ষে ফাইনালে মেসির অ্যাসিস্ট থেকেই দলের দ্বিতীয় গোলটি করেছিলেন কাসেমিরো। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায় তিনি বলেন, ‘লিও এখনো সেরা। গত বিশ্বকাপেই সে এটি প্রমাণ করেছে এবং এমএলএসেও তা দেখিয়ে চলেছে। লিওর সঙ্গে খেলতে পারলে সবকিছু অনেক সহজ হয়ে যায়।’ মেসির ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনার বিষয়ে ব্রাজিলিয়ান এই তারকা বলেন, ‘আমরা জানি যে, লিওর ক্ষেত্রে এটি (ব্যালন ডি’অর জয়) সম্ভব এবং সে বিশ্বকাপে তার প্রমাণ সে দিয়েছে। তবে আমি বললেই তো আর হবে না। যখন আপনার কোনো সতীর্থ এই পুরস্কারের জন্য নির্বাচিত হবেন, তখন আপনি সবসময় চাইবেন সে-ই জিতুক। কিন্তু বিষয়টি আসলে ভোটারদের ওপর নির্ভর করে।’
ব্যালন ডি’অরে ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মূল্যায়ন না করার অভিযোগ অনেক
পুরনো। এ বিষয়ে ব্যালন ডি’অর কর্তৃপক্ষের সমালোচনা করেন কাসেমিরো, ‘যারা ইউরোপীয় ফুটবলে খেলছে তাদের (এই পুরস্কার) দেওয়া হয়, আর আমেরিকায়
যারা ভালো করে, তাদের উপেক্ষা করা হয়। তবে আমার বিশ্বাস, মায়মিতে খেলেও মেসি এই পুরস্কার
ছিনিয়ে নিতে পারে। তার জন্য শুভেচ্ছা রইল। মানুষের উচিত, মেসি বিশ্বকাপে কী করেছে সেটার
দিকে নজর দেওয়া।’





