বাংলাদেশ ফুটবল লিগ
ব্রাদার্সের জালেও ফর্টিসের ছয়

এক ফ্রেমে ফর্টিসের প্রথম দুই গোলদাতা ইব্রাহিম ও ইনসান
নবাগত চট্টগ্রাম সিটি এফসিকে ৬-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগ শুরু করেছিল ফর্টিস এফসি। গত সপ্তাহে সিটি ক্লাবের সঙ্গে ৩-৩ ড্রয়ের ধাক্কা সামলে ফর্টিস শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের জালেও করেছে গোলৎসব, জিতেছে ৬-০ ব্যবধানে। ফর্টিস ছয় গোলই করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
ফর্টিসের গাম্বিয়ান অধিনায়ক পা ওমর বাবু জোড়া গোল করেন। এছাড়া মোহাম্মদ ইব্রাহিম, ইনসান হোসেন, নাইজেরিয়ান স্টেফেন চুকুদে ও রাফায়েল টুডু একটি করে গোল করেন। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বড় জয়টা ফর্টিসকে আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। ১৭ থেকে ২৩ অক্টোবর কুয়েতে হতে যাচ্ছে গ্রুপ পর্বের খেলা, যেখানে ফর্টিসকে লড়তে হবে স্বাগতিক আল কাদিসিয়া, ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেগার তাদাজের সঙ্গে।
সিটি ক্লাবের কাছে ৩-০ গোলে হেরে লিগ শুরু করা ব্রাদার্সকে শুরু থেকেই চেপে ধরেছিল ফর্টিস। বলের নিয়ন্ত্রণ নিজের কাছে রেখে বারবার ব্রাদার্স রক্ষণে আঘাত হেনেছে দলটি। তবে নেতিবাচক ফুটবল খেলে প্রথমার্ধে নিজেদের জাল সুরক্ষিত রাখে গোপীবাগের দলটি। বিরতির পর অবশ্য সব প্রতিরোধ নিমেষে শেষ হয়ে যায় তাদের। ৫৬ মিনিটে ইব্রাহিমের গোলে লিড নেয় ফর্টিস। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসান। ফর্টিসের হয়ে ৭৫ ও ৮১ মিনিটে পরের দুটি গোল করেন ওমর বাবু। ৮৩ মিনিটে স্টেফেন পঞ্চম গোল করেন। আর বদলি রাফায়েল টুডু গোলৎসবে যোগ দেন অতিরিক্ত সময়ে ব্রাদার্সের পোস্টের দেখা পেয়ে।
লিগে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সিটি ক্লাবও। গাজীপুরে দলটি ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসিকে। ম্যাচের চতুর্থ মিনিটে এনামুল ইসলাম গাজীর গোলে লিড নেয় সিটি ক্লাব। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান রফিকুল ইসলাম।
মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ও পিডব্লিউডি’র ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।



