এশিয়ান গেমস
সেমিফাইনালেই থামল ইমরানুরের দৌড়

আগের দিন রাতে এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের ১০.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম রাউন্ডের হিটে চতুর্থ হয়েছিলেন বাংলাদেশের ইমরানুর রহমান। তারপরও টাইমিংয়ের কারণে সেরা ২৪-এর থাকায় সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন ৩৩ বছর বয়সী স্প্রিন্টার। শুক্রবার নাগোয়া সিটি মিজুহো স্পোর্টস পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সেমিফাইনালে নিজের টাইমিংয়ের উন্নতি করলেও পারেননি সেরা আটে থেকে ফাইনালে যেতে। সেমিফাইনালের প্রথম হিটে ১০.৪৪ সেকেন্ডে দৌড় শেষ করে আটজনের মধ্যে সপ্তম হন। আর ২৪জনের মধ্যে হয়েছেন ২১তম।
এই মৌসুমে ইমরানুরের সেরা টাইমিং ছিল ১০.২৪ সেকেন্ড। গ্লাসগো কমনওয়েলথ গেমসে দৌড়েছিলেন ১০.৩৯ সেকেন্ডে। মৌসুমের সেরাটা টাইমিংটাও আজ করতে পারলে রাতেই ফাইনালে ট্র্যাকে দেখা যেত তাকে। ২০২৩ সালে ১০.১১ সেকেন্ডে দৌড়ে জাতীয় রেকর্ড গড়া যুক্তরাষ্ট্র প্রবাসী ইমরানুরের মধ্যে বয়সের ছাপ বেশ ভালোই চোখে পড়ছে। এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতা ইমরানুরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরও তাকে ঘিরেই বাংলাদেশ স্বপ্ন দেখছে আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া এসএ গেমসে স্বর্ণপদকের।
এশিয়ান গেমসের এই পারফরম্যান্সে নিজেও ভীষণ হতাশ ইমরানুর। রেস শেষ করে নিজেই স্বীকার করলেন, মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছেন নাগোয়াতে, ‘বছরের সবচেয়ে বাজে রেস ছিল এটা। নানা কারণেই খারাপ হয়েছে। তবে এমনটা হয়, আমাকে এখান থেকে সামনে এগোতে হবে। আমি সত্যিই হতাশ।'
চোটের কারণেই আসলে নিজেকে ছায়া হয়ে আছেন ইমরানুর। ২০২৪ প্যারিস অলিম্পিকে দৌড় শেষ করতে পারেননি। এরপর থেকেই লড়ছেন চোটের সঙ্গে, ‘সব সময় তো সব কিছু মনের মতো হবে না। টানা দু'বছর চোটে থাকার পর এটাই আমার ফেরার প্রথম বছর। তাই আমাকে ইতিবাচক দিকটাই দেখতে হবে। অন্তত আমার অবস্থা আরও খারাপ হয়নি।'
ইমরানুরের মতো ভারতের দুই স্প্রিন্টারও পারেননি ফাইনালে যেতে। তবে দু’জনেরই টাইমিং ছিল তার চেয়ে ভালো। এদের সঙ্গেই মার্চ-এপ্রিলে এসএ গেমসে লড়তে হবে ইমরানুরকে। দক্ষিণ এশিয়ার সেরার মুকুট ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা তিনি করবেন। তবে এর জন্য সরকার ও ফেডারেশনের কাছেও সহযোগিতা চাইলেন। পরিবার চালাতে যুক্তরাজ্য অন্য কাজও করতে হয় তাকে। এসব কারণে অনুশীলনে শতভাগ মনযোগ দিতে পারেন না ইমরানুর।
তিনি বলেন, ‘আমি ফুল-টাইম চাকরি করি। চাকরির পেছনে যেমন শক্তি ব্যয় করতে হয়, অনুশীলনেও প্রচুর সময় দিতে হয়। আমার বিশ্বাস ফেডারেশনের নতুন কর্মকর্তারা বিষয়টি বুঝবে এবং সহযোগিতামূলক বিষয়গুলো নিয়ে কাজ করবে। দেখা যাক সামনে কী হয়। কারণ আমি হয়তো আর দুই থেকে তিন বছর সময় খেলায় দিতে পারব।’
এদিকে, এই ইভেন্টে একের পর এক বিস্ময় উপহার দিচ্ছেন থাইল্যান্ডের ২০ বছরের পুরিপল বুনসন। ইমরানুরের সঙ্গে একই হিটে কেবল নিজেকেই ছাড়িয়ে যাননি, এশিয়ান গেমসের নতুন রেকর্ডও গড়েছেন। ৯.৯১ সেকেন্ডে ছুঁয়েছেন ফিনিশিং লাইন। ২০২৫ সালে জুনিয়র এশিয়ান অ্যাথলেটিকসে ৯.৯৪ সেকেন্ডে দৌড়েছিলেন এই তরুণ। গতকাল ৯.৯৫ সেকেন্ডে দৌড়ে সেমিফাইনালে আসেন। আজ নিজের টাইমিং আরও কমিয়ে আনেন।
১০০ মিটার স্প্রিন্টে চীনের সু বিঙতিয়ানের ৯.৮৩ সেকেন্ডের এশিয়ান রেকর্ডও শেষ পর্যন্ত পেছনে ফেলতে পারেন বুনসন, এমন আলোচনাও শুরু হয়ে গেছে। তার আগে অবশ্য আজ রাতেই এশিয়ান গেসমের দ্রুততম মানবের পদবিটা নিজের করতে হবে তাকে। বাংলাদেশ সময় ৭টা ২০ মিনিটে হবে গেমসের অন্যতম মর্যাদার ইভেন্ট।





