মোহামেডানকে শিরোপা জেতাতে চান নতুন কোচ ভারেলা

সংগৃহীত ছবি
বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জিততে শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের কয়েকজন তারকার পাশাপাশি ইমানুয়েল সানডে, আগবাজি, সুলেমান দিয়াবাতেদের দলে ভিড়িয়েছে তারা। ঐতিহ্যবাহী ক্লাবটি এনেছে নতুন বিদেশি কোচও। আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলাকে পরিচয় করিয়ে দিতেই আজ ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছিল মোহামেডান। স্প্যানিয়ার্ড এই কোচ জানিয়েছেন, মোহামেডানকে শিরোপা জেতাতে চান তিনি।
সংবাদ সম্মেলনে ভারেলা বলেছেন, ‘সবসময় বলে থাকি, আমি ভীষণ প্রতিযোগিতামূলক মনের মানুষ। আমি চাই খেলোয়াড়েরা অনুশীলনে, মাঠে এবং প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করুক। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। কথাটা বলা সহজ, তবে আমি যে ক্লাবেই দায়িত্ব পালন করি না কেন, শিরোপার জন্য সবসময় লড়াই করি।’
উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের কোচিং ক্যারিয়ারের বড় অংশই কেটেছে ভারতে। ২০১৮ সালে দেশটির গোকুলাম কেরালায় যোগ দিয়ে প্রথম মৌসুমেই জেতান কেরালা প্রিমিয়ার লিগ। পরের মৌসুমে এনে দেন ডুরান্ড কাপের ট্রফি। এরপর গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্স ও সর্বশেষ কোচ হিসেবে কাজ করেছেন স্পোর্টিং ক্লাব দ্য গোয়ায়। ফুটবলের ওপর ‘ফুটবল ইন্টেলিজেন্ট’ নামে একটি বইও লিখেছেন এই স্প্যানিশ কোচ।
কোচের সঙ্গে আনুষ্ঠানিক পরিচিতিমূলক এই সংবাদ সম্মেলনে খেলোয়াড়েরা ছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি বরকত উল্লাহ বুলু, ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, ডাইরেক্টর ইনচার্জ অব স্পোর্টস মোস্তাকুর রহমান, ডাইরেক্টর রুম্মন বিন ওয়ালি সাব্বির, নির্বাহী কমিটির সদস্য এবং দলের গোলকিপিং কোচ ছাইদ হাসান কাননসহ আরও অনেকে। নিজের বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চেষ্টা করেছি মোহামেডান ক্লাবের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে। আমরা দেশের সমস্ত ক্লাবের মধ্যে সর্বোচ্চ বাজেটের দল গড়েছি। উন্নত মানের কোচ এনেছি। তাকে মোহামেডানে স্বাগত জানাই, আশা করি তার হাত ধরে মোহামেডান চ্যাম্পিয়ন হবে।’



