টাইমসের বর্ষসেরা ছবির তালিকায় এনসোর সেই ফাউল

সংগৃহীত ছবি
বছর শেষ হতে আরও এক মাস বাকি থাকতেই ২০২৬ সালের বর্ষসেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ম্যাগাজিন ‘টাইম’। আলোচিত এই সংকলনে জায়গা করে নিয়েছে বিশ্বকাপ ফাইনালের এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত এবং গাজা সিটির ধ্বংসস্তূপের মাঝে ফুটবলের ফেরার দৃশ্য।
তালিকায় স্থান পাওয়া বিশ্বকাপ ফাইনালের স্থিরচিত্রে দেখা যায়, আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস কড়া ট্যাকল করছেন স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসিকে। প্রতিপক্ষের আঘাতের পর শূন্যে অনেকটা ভেসে ওঠেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় কুবার্সি। ওই ঘটনার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এনসো।
গেটি ইমেজেসের চিত্রগ্রাহক আল বেল্লোর তোলা স্থিরচিত্রে ধরা পড়েছে সেই উড়ে যাওয়ার মুহূর্তের সবচেয়ে নাটকীয় রূপ। ছবিতে আক্ষরিক অর্থেই এনজোর মাথার ওপর দিয়ে কুবার্সিকে উড়ে যেতে দেখা যায়। পাশাপাশি মাঠের সবুজ ঘাসে দুই ফুটবলারের ছায়া এবং মাঝমাঠের রেখা ছবিটিতে যোগ করে বাড়তি আকর্ষণ।
এই ছবিটি তুলেছেন আল বেল্লো। তিনি যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা ক্রীড়া আলোকচিত্রী, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
টাইমের সেরা ১০০ ছবির তালিকায় আরও রয়েছে ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ‘আল-আহলি ক্লাব’-এর ফিলিস্তিনি ফুটবলারদের অনুশীলনের একটি স্থিরচিত্র। সংবাদ সংস্থা এপির চিত্রগ্রাহক জেহাদ আলশরাফির তোলা ওই ছবিতে দেখা যায়, ‘গাজা স্পোর্টস ক্লাব’-এর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করছেন খেলোয়াড়েরা।
নতুন করে তৈরি করা ওই মাঠের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইসরায়েলের স্থল ও বিমান অভিযানে ধ্বংস হয়ে যাওয়া ভবনের স্তূপ। ইসরায়েল-হামাস যুদ্ধে গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসস্তূপ সরিয়ে এবং পুরোনো কৃত্রিম ঘাস (আর্টিফিশিয়াল টার্ফ) বসিয়ে মাঠটি প্রস্তুত করে। এর ফলে স্থানীয় ক্লাবগুলোসহ পঙ্গু হয়ে যাওয়া খেলোয়াড়েরা আবারও মাঠে ও খেলাধুলায় ফেরার সুযোগ পেয়েছেন।



