চ্যাম্পিয়নস লিগ
এমবাপ্পে ভাইদের দুই রকম রাত

সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুর রাতেই মাঠে নেমেছিলেন দুই ভাই। একদিকে যেখানে রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে, ঠিক অন্যদিকে লিলের হয়ে লাল কার্ড দেখে ইথান এমবাপ্পে যেন ‘ভিলেন’।
সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টারকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে গোল পেয়েছেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে এখন এমবাপ্পের গোলসংখ্যা ৭১। চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রাউল গঞ্জালেসকে ছুঁয়ে যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এসেছেন এই ফরাসি তারকা।
কিলিয়ান যখন জয় ও রেকর্ডের উল্লাসে মেতেছেন, ঠিক উল্টোদিকে তার ভাই ইথান ডুবেছেন হতাশায়। স্তাদে পিয়েরে মৌরোয়ে লিলের হয়ে রিয়াল বেতিসের বিপক্ষে নেমেছিলেন ইথান। রোমাঞ্চকর এই ম্যাচে বেতিসের কাছে ৩-২ গোলে হেরেছে লিল।
ম্যাচের ৫৬ মিনিটে বেতিসের ডিফেন্ডার নাতানকে কঁনুই দিয়ে আঘাত করেন ইথান। ভিএআরের সাহায্য নিয়ে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
এটি চ্যাম্পিয়নস লিগে ইথানের তৃতীয় ম্যাচ। তবে এবারই প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো ১৯ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডারকে।





