বেনিন অধিনায়ক
মেসিকে আমি আইডল মানি না

আর্জেন্টিনার বিপক্ষে মেগা ম্যাচের আগে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বেনিন দলের অধিনায়ক স্টিভ মুনি। আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি এক বিস্ময়কর মন্তব্য করেছেন। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মেসিকে নিজের ‘আইডল’ বা আদর্শ হিসেবে দেখেন না।
ইনজুরির কারণে আসন্ন ম্যাচে মাঠে নামতে না পারলেও দলের সাথে বুয়েনস আইরেসে গিয়েছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। মাঠের বাইরে থেকে সতীর্থদের মানসিকভাবে চাঙ্গা রাখতেই তার এই উপস্থিতি। আফ্রিকান ক্রীড়া মাধ্যম ‘মেগা স্পোর্টস মিডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে নিজের স্টিভ মুনি বলেন, ‘আমি কাউকে আইডল মানি না, আমি লিওনেল মেসিকেও আইডল হিসেবে দেখি না।’
নিজের ফুটবল দর্শন ব্যাখ্যা করে তিনি আরও যোগ করেন, ‘আমি ফুটবলকে ভালোবাসাই মূল মন্ত্র হিসেবে মানি এবং ভালো খেলোয়াড়দের খেলা দেখতে পছন্দ করি। তারা কতটা অবিশ্বাস্য সুন্দরভাবে খেলে, তা পর্যবেক্ষণ করি। যখন আমি বড় বড় খেলোয়াড়দের বিপক্ষে খেলি, আমি কখনো তাদের কাছে জার্সি চাইনি।’
মেসিকে আইডল না মানলেও তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে এই বেনিন তারকার। মেসির এই বিদায়ী সন্ধ্যাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মুনি বলেন, ‘আমি এ জন্যই এখানে এসেছি, তিনি কী করতে যাচ্ছেন তা দেখতে। তিনি একজন ফুটবলার এবং মানুষ হিসেবে অসাধারণ। তিনি বছরের পর বছর ধরে ফুটবলের জন্য এত কিছু করেছেন যে, এই মুহূর্তটি তার উপভোগ করা উচিত। তিনি এটি পাওয়ার যোগ্য।’




