নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

ছবি: আগামীর সময়
পাসপোর্ট করতে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনলাইনে অস্তিত্ব না পাওয়ার অভিযোগের সূত্র ধরে ময়মনসিংহের নান্দাইলে একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারের নামে ১৯টি ভুয়া সিল, জাল প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দোকান মালিক রফিকুল ইসলাম বাদলকে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদের মসজিদ মার্কেটের ‘মামুন কম্পিউটার’ দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক বাদলকে নান্দাইল মডেল থানায় সোপর্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় দোকানে থাকা কম্পিউটার পরীক্ষা করে বিভিন্ন ধরনের জন্মসনদ, ভুয়া সার্টিফিকেট, সিল ও স্বাক্ষরের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারের নামে তৈরি ১৯টি সিলসহ জাল প্রত্যয়নপত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযোগকারী চণ্ডীপাশা ইউনিয়নের বাসিন্দা সিফাত আহমেদ (১৯) জানালেন, এনআইডি ও জন্মসনদ করে দেওয়ার কথা বলে তার কাছে ৮ হাজার টাকা দাবি করা হয়েছিল। প্রথমে তিনি ৫ হাজার টাকা দেন। পরে তাকে একটি এনআইডি কার্ড দেওয়া হয়। তবে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে গিয়ে তিনি জানতে পারেন, অনলাইনে ওই এনআইডির কোনো অস্তিত্ব নেই।
বিষয়টি দোকান মালিককে জানালে তার কাছে আরও টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন সিফাত। পরে তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
ইউএনও ফাতেমা জান্নাত বলেছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ‘মামুন কম্পিউটার’ দোকানে অভিযান চালানো হয়। এ সময় ১৯টি সিল, চেয়ারম্যান সনদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
নান্দাইল মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




