বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

হাসপাতালে ভর্তি আহত দুই ভারতীয় নাগরিক
বাংলাদেশি নাগরিক ভেবে নির্যাতনের পর দুই ভারতীয়কে গুলি করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিবিদ্ধ ভারতীয় দুই নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যে বলে জানিয়েছে তারা। আজ সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
তিনি জানালেন, বর্তমান ভারতীয় দুই নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সব ধরনের চিকিৎসাব্যবস্থা করা হয়েছে।
গুলিবিদ্ধ দুজন জানালেন, তাদের নাম আব্দুল আলিম ও ইসমাইল। মাঠে গরু চরাচ্ছিলেন তারা। এ সময় বাংলাদেশের সীমান্তের কাছে চলে আসায় ছররা গুলি করে বিএসএফ। বারবার ভারতীয় পরিচয় দেওয়ার পরও তাদের ওপর অমানবিক নির্যাতন করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের কুড়িগ্রাম সীমান্তে ফেলে চলে যায় বিএসএফ।
ঘটনাটি ঘটে রবিবার দুপুরে। পরে কুড়িগ্রাম সীমান্তবর্তী কয়েকজন জেলে তাদের উদ্ধার করে এবং প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে নেয়। পরে রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
ভুক্তভোগীরা জানালেন, তারা মুসলিম এবং তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যে। ভারতীয় নাগরিকত্বের সব প্রমাণ তাদের রয়েছে বলেও জানালেন তারা। তবে এখনো তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।




