কুষ্টিয়া
জমি নিয়ে বিরোধ, শিক্ষক দিবসে কলেজশিক্ষককে হাতুড়িপেটা

ছবি: আগামীর সময়
কুষ্টিয়ার মিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোখলেসুর রহমান (৫০) নামের এক কলেজশিক্ষককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় মিজান ও তার অনুসারীদের বিরুদ্ধে।
আজ সোমবার বিশ্ব শিক্ষক দিবসের দিন দুপুর দেড়টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে নওদা আজমপুর মোড়ে পৌঁছালে মিজান ও তার অনুসারীরা তার ওপর হামলা চালায়।
আহত মোখলেসুর রহমান মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে এবং আজমপুর টেকনিক্যাল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মিজানের সঙ্গে ওই শিক্ষকের বিরোধ চলছিল। হামলার সময় হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক মোখলেসুর রহমান জানান, জমিজমা নিয়ে আদালতে মামলা চলছে। অভিযুক্ত মিজান তার কাছে ৫ লাখ টাকা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানালেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মধ্যে আগে থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও চলমান।




