ম্যাক অ্যালিস্টারের দিকে চোখ রিয়াল মাদ্রিদের

সংগৃহীত ছবি
লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী রিয়াল মাদ্রিদ। লিভারপুলে তার চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পরিস্থিতির ওপর নজর রাখছে স্প্যানিশ ক্লাবটি।
ম্যাক অ্যালিস্টারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তবে চুক্তি বাড়ানোর বিষয়ে এখনো আলোচনা শুরু হয়নি। চলতি বছরের শুরুতে এ নিয়ে হতাশাও প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। সতীর্থ রায়ান গ্রাভেনবার্খ ও দমিনিক সোবোসলাইয়ের সঙ্গে নতুন চুক্তি করলেও তার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি লিভারপুল।
স্কাই জার্মানির প্রতিবেদন অনুযায়ী, ম্যাক অ্যালিস্টারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রিয়াল। মাঝমাঠের নিচের দিকে খেলা একজন দক্ষ মিডফিল্ডার খুঁজছে স্প্যানিশ ক্লাবটি। আর্জেন্টাইন তারকার বল নিয়ন্ত্রণ, পাসিং দক্ষতা ও লড়াকু মানসিকতা তাদের পছন্দ।
এর আগে চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার আগে এনসো ফের্নান্দেসের ওপর নজর রেখেছিল রিয়াল। রোদ্রিকেও দলে নেওয়ার চেষ্টা করেছিল তারা। তবে শেষ পর্যন্ত তিনি সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন।
এদিকে ম্যাক অ্যালিস্টারকে ছাড়তে সহজে রাজি হওয়ার কথা নয় লিভারপুলের। কার্টিস জোন্স ইন্টার মিলানে যোগ দেওয়ায় মাঝমাঠে খেলোয়াড়ের ঘাটতি তৈরি হয়েছে দলটির। তাই মৌসুম শেষে আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করার পরিকল্পনা রয়েছে লিভারপুলের।
চলতি মৌসুমে কোচ আন্দোনি ইরাওলার অধীনে ভালো ফর্মে রয়েছেন ম্যাক অ্যালিস্টার। তবে তার চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকায় ভবিষ্যতে তাকে ঘিরে দলবদলের আলোচনা আরও জোরালো হতে পারে।



