লাল কার্ড, বিতর্কিত গোল আর ম্যান সিটির জয়

সংগৃহীত ছবি
মৌসুমের প্রথম ডার্বি বলে কথা! ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির দ্বৈরথ যত ঘনিয়ে আসছিল, সমর্থক আর সংবাদমাধ্যম দুই মহলেই উত্তেজনার পারদ চড়ছিল। পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব ছাড়ার পর প্রথম ডার্বি, দুই দলের ১৯৯তম দ্বৈরথ, সবকিছু মিলিয়ে মাঠে যে ৯০টা মিনিট খেলা হল সেটা পানসে। আর্লিং হলান্ডের একমাত্র গোলে ম্যানচেস্টার সিটি জিতেছে নগর প্রতিদ্বন্দীদের মাঠে। ম্যাচের ৬০তম মিনিটে হলান্ডের গোলে প্রথমে লাইনসম্যান অফসাইডের পতাকা তুললেও পরে ভিএআর গোলটির বৈধতা দেয়।
হলান্ডের গোল-ছবি স্কাই স্পোর্টস
ম্যাচের ২৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেসকে লাথি মেরে সরাসরি লালকার্ড দেখেন ম্যান সিটির ফিল ফোডেন। সাইডলাইনের ধারে বল দখলের লড়াইতে ব্রুনোই প্রথমে ধাক্কা দিয়ে ফেলেছিলেন ফোডেনকে। কিন্তু মাটিতে পড়ে ফোডেন যেটা করলেন, সেটা অখেলোয়াড়চিত। দুই পা দিয়ে ব্রুনোর তলপেটে কষিয়ে দিয়েছেন লাথি। ১০ জনের দল নিয়েই ম্যাচের প্রায় তিন চতুর্থাংশ সময় খেলেছে ম্যানসিটি, দিনশেষে তারাই জিতল। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের বিশ্লেষক স্যাম ব্লিৎজ বলেছেন, ' এই ম্যাচকে ঘিরে বিতর্ক চলবেই। তবে এটা ভুলে যাওয়া যাবে না যে ম্যানইউ ম্যাচের চারভাগের তিন ভাগ সময় একজন বাড়তি খেলোয়াড় নিয়ে খেলেও সুযোগটা কাজে লাগাতে পারল না। তারা কিছু সুযোগ পেয়েছে, দুইবার বল পোস্টে লাগিয়েছে, কিন্তু তারাই সিটিকে সুযোগ করে দিয়েছে ম্যাচে ফিরতে।ক্যারিককে (কোচ) বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।'
জেতার পর হলান্ড বলেছেন, ' ১০ জনের দলে পরিণত হবার পরেও জিতেছি, এমনটা আমার জীবনে খুব বেশি হয়নি। আমার জন্য নতুন অভিজ্ঞতা, সত্যি বলতে এটা অসাধারণ। আমাদের রক্ষণাত্মক হয়ে খেলতে হয়েছে বেশিরভাগ সময়, যেটা আমাদের সঙ্গে মানানসই নয়। আমরা বলের দখল বেশি রাখতে চাই, গোল করতে উঠে আসতে চাই কিন্তু এরকম পরিস্থিতিতে সেটা খুব বেশি সম্ভব হয় না। একটু পিছিয়ে নেমে আসতে হয় আর সুযোগ খুঁজতে হয়, আমরা সেটাই করেছি। ওল্ড ট্র্যাফোর্ডে ১০ জনের দল হয়ে জিতে যাওয়া, এটাই প্রমাণ করে আমরা জয়ের জন্য কতটা মরীয়া।'
গোলের বিতর্ক নিয়ে হলান্ড জানিয়েছেন, তার বিশ্বাস ছিল গোলটা বৈধ, 'আমার মনে হয়েছিল হয়তো বলটাতে কারো আলতো ছোঁয়া ছিল, কারণ আমি সাধারণত অফসাইড হই না। তাই আমি মাইকেল অলিভারকে বলেই ফেললাম যে, তিনি আমাকে অফসাইড ভেবেছেন দেখে আমি বিষয়টি আমার ভাল লাগেনি! তবে আমি কোচের দিকে তাকাতেই তিনি আমাকে সব ঠিক আছে বোঝানোর সংকেত দেখালেন। তখনই আমি বুঝে গেলাম যে এটা গোল হয়েছে, তাই উল্লাসের জন্য প্রস্তুতি নিতে দেরি করিনি।। যেকোনো ফুটবল ম্যাচ জেতাই সবসময় আনন্দের এবং এটাকে আমি কখনই সাধারণভাবে নিই না। বিশেষ করে ওল্ড ট্রাফোর্ডে ১০ জনের দল নিয়ে জয় পাওয়া এক কঠিন চ্যালেঞ্জ, যা সত্যিই দারুণ এক অনুভূতি।'
এই মৌসুমের লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচের সবকটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে আর্সেনালের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে আছে ম্যান সিটি। অন্যদিকে ৪ ম্যাচে ১ জয়, ১ ড্র আর ২ হারে ম্যান ইউ চলে গেছে ১৩ নম্বরে, যেখান থেকে তাদের উপরে উঠে আসার পথটা অনেক কঠিন।




