মাদ্রিদের সঙ্গে সম্পর্ক দীর্ঘ হচ্ছে বেলিংহামের

সংগৃহীত ছবি
দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ধরে রাখতে চুক্তি নবায়নের উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ধারাবাহিকতায় এবার জুড বেলিংহামের চুক্তি নবায়নের দিকে এগোচ্ছে স্প্যানিশ ক্লাবটি।
সাংবাদিক মাত্তেও মোরেত্তোর তথ্য উল্লেখ করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বেলিংহামই হতে যাচ্ছেন রিয়ালের পরবর্তী খেলোয়াড়, যার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে ক্লাবটি। আগামী দুই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সমঝোতা হতে পারে।
লা পিজারা অনুষ্ঠানে মোরেত্তো বলেন, ‘রিয়াল মাদ্রিদ জুড বেলিংহামের সঙ্গে নতুন চুক্তি করবে। সে-ই পরবর্তী খেলোয়াড়।’
অর্থাৎ ইংলিশ এই মিডফিল্ডারের চুক্তি বাড়ানোর কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছে রিয়াল। নতুন চুক্তির মেয়াদ ২০৩০ অথবা ২০৩১ সাল পর্যন্ত হতে পারে। তবে চুক্তির কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি।
২০২৩ সালের গ্রীষ্মে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেলিংহাম। তখন ছয় বছরের চুক্তি করেছিলেন তিনি। সেই চুক্তি অনুযায়ী ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত রিয়ালে থাকার কথা তার।
তবে এখন আরও দীর্ঘ সময় বেলিংহামকে দলে রাখতে চায় রিয়াল। মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। ১৪৮ ম্যাচে ৪৯ গোল ও ৩৬ অ্যাসিস্ট করেছেন তিনি।



